সোমবারও লকডাউন | বাংলাদেশে সংঘাত ও সহিংসতায় জনমনে আতঙ্ক

3 - মিনিট |

সেনাবাহিনী মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী আওয়ামী লীগের নিয়ন্ত্রণে পদ্মার পাড় অচল সড়ক, পদ্মা সেতুর জাজিরা প্রান্তে সংঘর্ষে নিহত ২ ,১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

সমীরণ রায়

ঢাকা | ডিসেম্বরে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সম্ভাব্য স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে উত্তেজনা বাড়ছে। এর মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচি শুরু হয়েছে রোববার সকাল থেকে। সোমবার সন্ধ্যা পর্যন্ত এ কর্মসূচি চলার কথা।

দলটির আট দফা দাবির মধ্যে রয়েছে রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, রাজনৈতিক বন্দিদের মুক্তি এবং শেখ হাসিনার দেশে ফেরার বিষয়টি। কর্মসূচিকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় অবরোধ, সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় জনমনে আতঙ্ক ও উদ্বেগ দেখা দিয়েছে। ইতোমধ্যে আওয়ামী লীগের নিয়ন্ত্রণে রয়েছে বাংলাদেশের দক্ষিণাঞ্চলের বেশ কিছু জেলা।

রোববার ভোরে শরীয়তপুরের জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় পদ্মা সেতুসংলগ্ন ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। লকডাউনের সমর্থনে আওয়ামী লীগের নেতাকর্মীরা সড়ক অবরোধ করলে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষ বাধে। এতে দুইজন নিহত এবং বেশ কয়েকজন আহত হন। নিহত ব্যক্তিরা হলেন যুবলীগের কর্মী হিসেবে পরিচিত ইব্রাহিম সিপাহী এবং আওয়ামী লীগের কর্মী নিজামউদ্দিন মৃধা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের সময় ধাওয়া-পাল্টাধাওয়া, গুলিবর্ষণ, ককটেল বিস্ফোরণ ও মোটরসাইকেলে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরিস্থিতির কারণে পদ্মা সেতুতে যান চলাচল বন্ধ রয়েছে। এ ঘটনা দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগব্যবস্থার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক যোগাযোগের অংশ হওয়ায় এখানে দীর্ঘ সময় অবরোধ থাকলে যাত্রী ও পণ্য পরিবহন বন্ধ রয়েছে।

এদিকে, রোববার সচিবালয়ে কক্সবাজারের পর্যটন উন্নয়ন সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো শঙ্কা নেই। এই মুহূর্তে দেশে সেনাবাহিনী মোতায়েনেরও কোনো পরিকল্পনা নেই।

শরীয়তপুরের জাজিরায় প্রাণহানির ঘটনা অন্তর্কোন্দলের জেরে ঘটেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ধৈর্যের সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করছে। বর্তমানে সেখানকার পরিস্থিতি শান্ত রয়েছে।

লকডাউন শুরুর আগের ২৪ ঘণ্টায় দেশের অন্তত ১৪ জেলায় ২০টির বেশি সহিংসতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় বাস, রাজনৈতিক নেতাদের বাড়ি, বিদ্যুৎ অবকাঠামো এবং গ্রামীণ ব্যাংকের কার্যালয় লক্ষ্যবস্তু হয়েছে। পুলিশি হিসাব অনুযায়ী, ৭ থেকে ২৭ নভেম্বরের মধ্যে সারাদেশে ১০১টি যানবাহনে আগুন এবং ১০০টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

একই সময়ে চারটি পুলিশ স্থাপনা ও ২৮টি পুলিশ যানবাহন হামলা বা ক্ষয়ক্ষতির শিকার হয়েছে। রোববারও সারাদেশে সন্ধ্যা পর্যন্ত সংঘাত ও সহিংসতা চলছে। এমন পরিস্থিতি মোকাবিলায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বিজিবির সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রোববার ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ, ময়মনসিংহ, গোপালগঞ্জ, চট্টগ্রাম ও কক্সবাজারে মোট ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আরও চার প্লাটুন প্রস্তুত রাখা হয়েছে। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও ঝুঁকিপূর্ণ এলাকায় নজরদারি বাড়ানো হয়েছে।

লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বিভিন্ন স্থানে সড়ক অবরোধের ঘটনায় যান চলাচলে বিঘ্ন ঘটেছে। বিশেষ করে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত এবং ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের পরিস্থিতি দক্ষিণাঞ্চলের যাত্রীদের উদ্বেগ বাড়িয়েছে। তবে ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-খুলনা ও ঢাকা-বরিশাল মহাসড়ক আওয়ামী লীগের নেতাকর্মীদের অনেকটা নিয়ন্ত্রণে রয়েছে।

অপরদিকে, পরিস্থিতির সবচেয়ে বড় চাপ পড়ছে সাধারণ মানুষের ওপর। কর্মস্থলে যাতায়াত, পণ্য পরিবহন, চিকিৎসাসেবা গ্রহণ এবং দূরপাল্লার ভ্রমণ অনিশ্চয়তার মুখে পড়েছে। সংঘর্ষ ও অগ্নিসংযোগের আশঙ্কায় ব্যবসাপ্রতিষ্ঠান এবং পরিবহনসংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যেও উদ্বেগ তৈরি হচ্ছে। শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা ঘিরে রাজনৈতিক বিরোধ আরও তীব্র হচ্ছে। আওয়ামী লীগ তার রাজনৈতিক কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ আট দফা দাবি বাস্তবায়নের জন্য কর্মসূচি ঘোষণা করেছে। দলটির বক্তব্য, এসব দাবি আদায় এবং শেখ হাসিনার প্রত্যাবর্তনের প্রেক্ষাপটে আন্দোলন অব্যাহত থাকবে।

সব মিলিয়ে, রোববারের লকডাউন কর্মসূচি বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতাকে আরও দৃশ্যমান করেছে। পদ্মা সেতুর কাছে দুইজনের মৃত্যু, বিভিন্ন জেলায় অগ্নিসংযোগ ও বিস্ফোরণ এবং নিরাপত্তা বাহিনীর ব্যাপক মোতায়েন পরিস্থিতির গুরুত্ব তুলে ধরছে। সোমবার কর্মসূচির দ্বিতীয় দিনেও সংঘাত ছড়িয়ে পড়বে কি না, সড়ক যোগাযোগ কতটা স্বাভাবিক থাকবে এবং ডিসেম্বরকে ঘিরে রাজনৈতিক উত্তেজনা কোন দিকে যাবে, এখন সেদিকেই নজর সাধারণ মানুষের।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *