আসামে পুষ্টির ঘাটতির বিস্তার, রক্তাল্পতায় আক্রান্ত ৭৩ শতাংশ প্রাপ্তবয়স্ক নারী

2 - মিনিট |

প্রবীণ পুরুষদের মধ্যেও দেশের সর্বোচ্চ হার, কিশোর-কিশোরীদের পুষ্টি পরিস্থিতি নিয়েও উদ্বেগ

কে আর সি ডেস্ক

গুয়াহাটি:আসামে রক্তাল্পতার সমস্যা আর শুধু নারীস্বাস্থ্যের মধ্যে সীমাবদ্ধ নেই। কিশোর-কিশোরী থেকে শুরু করে কর্মক্ষম বয়সের পুরুষ এবং প্রবীণ—সমাজের প্রায় প্রতিটি বয়সভিত্তিক গোষ্ঠীর মধ্যেই ছড়িয়ে পড়েছে এই পুষ্টিজনিত সমস্যা। বিশেষ করে ৬০ বছরের বেশি বয়সি পুরুষদের মধ্যে রক্তাল্পতার হার দেশের মধ্যে সর্বোচ্চ। অন্যদিকে, প্রাপ্তবয়স্ক নারীদের প্রায় চারজনের মধ্যে তিনজনই এই সমস্যায় আক্রান্ত। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সাম্প্রতিক জাতীয় সমীক্ষায় উঠে এসেছে আসামের এই উদ্বেগজনক চিত্র।

সমীক্ষার তথ্য বলছে, আসামে ২০ থেকে ৫৯ বছর বয়সি নারীদের ৭২.৮ শতাংশ রক্তাল্পতায় আক্রান্ত। জাতীয় গড় যেখানে ৫৪.৮ শতাংশ, সেখানে রাজ্যের হার প্রায় ১৮ শতাংশ বেশি। ৬০ বছরের বেশি বয়সি নারীদের ক্ষেত্রে পরিস্থিতি আরও উদ্বেগজনক। এই বয়সের ৭৬.৯ শতাংশ নারী অ্যানিমিয়ায় ভুগছেন।

পুরুষদের ক্ষেত্রেও জাতীয় গড়ের তুলনায় আসামের পরিস্থিতি অনেকটাই আলাদা। ২০ থেকে ৫৯ বছর বয়সি পুরুষদের মধ্যে রক্তাল্পতার হার ৪৬.৮ শতাংশ। জাতীয় গড় ২২ শতাংশের তুলনায় তা দ্বিগুণেরও বেশি। তবে সবচেয়ে উল্লেখযোগ্য তথ্য প্রবীণ পুরুষদের নিয়ে। ৬০ বছর বা তার বেশি বয়সিদের মধ্যে ৭৪ শতাংশ রক্তাল্পতায় আক্রান্ত, যা দেশের রাজ্যগুলির মধ্যে সর্বোচ্চ।

কিশোর বয়সেও এই সমস্যার বিস্তার স্পষ্ট। ১০ থেকে ১৯ বছর বয়সি মেয়েদের ৫৮.৮ শতাংশ এবং ছেলেদের ৩৭.৪ শতাংশের শরীরে রক্তাল্পতা শনাক্ত হয়েছে। পাশাপাশি, সন্তানধারণের উপযুক্ত বয়স হিসেবে বিবেচিত ১৫ থেকে ৪৯ বছর বয়সি নারীদের মধ্যে আক্রান্তের হার ৭১.৯ শতাংশ।

২০২৩ থেকে ২০২৫ সালের মধ্যে আইসিএমআরের ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশন পরিচালিত ‘সার্ভে ফর অ্যাসেসমেন্ট অব মার্কার্স অব পপুলেশন হেলথ, অ্যাক্টিভিটি, ডায়েট অ্যান্ড অ্যানথ্রোপোমেট্রি’ (সম্পদা) সমীক্ষায় এই তথ্য উঠে এসেছে।

দেশের ৩৫টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের ১৮৩টি জেলার দুই লক্ষেরও বেশি মানুষের ওপর সমীক্ষাটি চালানো হয়। এর আওতায় ছিল ৮১ হাজারের বেশি পরিবার। রক্তাল্পতা এবং অণুপুষ্টির ঘাটতি নির্ণয়ের জন্য পরীক্ষা করা হয়েছে ১ লক্ষ ৭০ হাজারেরও বেশি রক্তের নমুনা।

সমীক্ষার ফলাফল আসামের পুষ্টি পরিস্থিতি নিয়ে একটি বৃহত্তর প্রশ্ন সামনে এনেছে। রক্তাল্পতার উচ্চ হার শুধু নারীদের মধ্যেই সীমাবদ্ধ না থেকে পুরুষ ও কিশোর-কিশোরীদের মধ্যেও বিস্তৃত হওয়ায় সমস্যাটিকে সামগ্রিক জনস্বাস্থ্য পরিস্থিতির অংশ হিসেবে দেখার প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। বিশেষত, প্রবীণ পুরুষদের মধ্যে দেশের সর্বোচ্চ আক্রান্তের হার এবং কিশোর-কিশোরীদের মধ্যে উল্লেখযোগ্য সংক্রমণ ভবিষ্যৎ প্রজন্মের পুষ্টি ও স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও উদ্বেগ বাড়াচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *