বিজেপি সাম্প্রদায়িক নয়, সংখ্যালঘু এলাকায় উন্নয়নের মাধ্যমে প্রমাণিত: বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী

< 1 - মিনিট |

তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জল প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ

অজিত দাস

শিলচর : রবিবার মধুরবন্দ ঘাংপাড় এলাকায় ১ কোটি ৬০ লক্ষ টাকা ব্যয়ে জল জীবন মিশনের আওতাধীন পিএইচই (PHE) প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন শিলচর বিধানসভার বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক দ্বীপায়ন চক্রবর্তী বলেন, “বিজেপি সরকার সাম্প্রদায়িক নয়। সংখ্যালঘু ও মুসলিম অধ্যুষিত এলাকাতেও সমান গুরুত্ব দিয়ে উন্নয়নমূলক কাজ হচ্ছে, যা তার স্পষ্ট প্রমাণ।” তিনি বলেন, বিশুদ্ধ পানীয় জল প্রতিটি মানুষের মৌলিক অধিকার এবং সেই অধিকার নিশ্চিত করতেই বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

বিধায়ক আরও বলেন, প্রয়াত বিমলাংশু রায়ের আমলে এই পিএইচই প্রকল্পের সূচনা হলেও কংগ্রেস সরকারের সময় দীর্ঘদিন ধরে প্রকল্পটি অবহেলিত অবস্থায় পড়ে ছিল। বছরের পর বছর কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি, যার ফলে এলাকার মানুষ পানীয় জলের চরম সমস্যার সম্মুখীন হন। বর্তমান বিজেপি সরকারের আমলেই ফের প্রকল্পটি সচল করা হয়েছে এবং বাস্তবায়নের মাধ্যমে আজ তা উদ্বোধনের পর্যায়ে পৌঁছেছে।

বক্তব্যে বিধায়ক কংগ্রেস সরকারের তীব্র সমালোচনা করে বলেন, “আগের সরকার উন্নয়নের নামে শুধু প্রতিশ্রুতি দিয়েছে, বাস্তবে মানুষের মৌলিক সমস্যার সমাধানে তারা ব্যর্থ হয়েছে। বিজেপি সরকার কথা নয়, কাজের মাধ্যমে উন্নয়ন করে দেখাচ্ছে।”

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পিএইচই প্রকল্পের জমিদাতা আলহাজ্ব রশিদ চৌধুরী, পিএইচই বাস্তুকার দেব দুলাল দাস, পিএইচই ঠিকাদার আজাদ হুসেন লস্কর, প্রাক্তন জিপি সভাপতি এ কে আজাদ মজুমদার সহ মধুরবন্দ এলাকার বহু গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ।

স্থানীয় বাসিন্দারা জানান, এই প্রকল্প চালু হওয়ায় দীর্ঘদিনের পানীয় জলের সংকট দূর হবে এবং এলাকার মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে বলে তাঁরা আশাবাদী।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news