ভারি বৃষ্টিপাতের কারণে এপ্রোচের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে
অজিত দাস
শিলচর : হারাঙ্গ নদীর বেইলি সেতুর নির্মাণ কাজ শেষ হলেও, দুই পাশের এপ্রোচ সড়ক এখনো সম্পূর্ণ হয়নি। ভারি বৃষ্টিপাতের কারণে এপ্রোচের অবস্থা ভয়াবহ আকার ধারণ করেছে।
বহু আলোচিত কালাইন–শিলচর সড়কের ভাঙ্গারপার হারাঙ্গ নদীর উপর নির্মিত বেইলি সেতুর কাজ কয়েকদিন আগে শেষ হয়েছে। মন্ত্রী কৌশিক রায় ও বিভাগীয় কর্তৃপক্ষের নির্দেশে সেতুটি আনুষ্ঠানিকভাবে যান চলাচলের জন্য উন্মুক্ত করা হয়। এরপর থেকে ছোট যানবাহন চলাচল করলেও, দুই পাশের এপ্রোচ পিচ না হওয়ায় বড় সমস্যার সৃষ্টি হয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টির ফলে সেতুর দুই প্রান্তে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। যদিও পর্যাপ্ত মাটি ও পাথর দিয়ে ভরাট করা হয়েছিল, বৃষ্টির পানিতে সেগুলো ধুয়ে গেছে। এতে যানবাহন চালকদের নানারকম অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে এবং প্রায়ই ছোটখাটো দুর্ঘটনাও ঘটছে।
এদিকে কালাইন–শিলচর সড়কের বিভিন্ন অংশে পুকুরসম গর্তের সারি থাকলেও, বিভাগীয় কর্তৃপক্ষ কার্যত নীরব ভূমিকা পালন করছে। মন্ত্রী কৌশিক রায়ের তৎপরতায় সেতুর নির্মাণ কাজ সম্পন্ন হলেও, দুই পাশের এপ্রোচের জরাজীর্ণ অবস্থা ক্রমেই আশঙ্কাজনক হয়ে উঠছে।
রবিবার স্থানীয়রা সংবাদমাধ্যমে জানান, যদি দ্রুত দুই পাশের এপ্রোচে পর্যাপ্ত পাথর বা মেডেল বসানো হয়, তবে অন্তত সাময়িকভাবে যান চলাচল স্বাভাবিক থাকবে। নইলে, পরিস্থিতি দিন দিন আরও বিপজ্জনক হয়ে উঠবে। পাশাপাশি তারা কালাইন–শিলচর সড়কের অন্যান্য ক্ষতিগ্রস্ত স্থানগুলিও দ্রুত সংস্কারের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী ও কাছাড় জেলা শাসকের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

Know More – Apply Here


