বাংলা ভাষা আন্দোলনে পরিতোষ পাল চৌধুরীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পাশাপাশি তাঁর কর্মময় জীবনের অর্ধসমাপ্ত কাজগুলি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর। বরাক উপত্যকার ১৯৬১ সালের ঐতিহাসিক বাংলা ভাষা আন্দোলনের সর্বাধিনায়ক, বিশিষ্ট লেখক-সাংবাদিক ও নেতাজি গবেষক পরিতোষ পাল চৌধুরীর দশম প্রয়াণ দিবস গভীর শ্রদ্ধার সঙ্গে পালন করল পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ। বৃহস্পতিবার শিলচরের সুভাষনগরে এ উপলক্ষে এক স্মরণসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতে পরিতোষ পাল চৌধুরীর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন শিল্পী বারীন্দ্র দাস। স্মরণসভাটি পর্ষদের সভাপতি ও বিশিষ্ট সাংবাদিক হারান দের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন পর্ষদের সাধারণ সম্পাদক বিপ্লব পাল চৌধুরী। তিনি ১৯৬১ সালের বাংলা ভাষা আন্দোলনে পরিতোষ পাল চৌধুরীর ঐতিহাসিক ভূমিকা তুলে ধরার পাশাপাশি তাঁর কর্মময় জীবনের অর্ধসমাপ্ত কাজগুলি বাস্তবায়নের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।
সভায় মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায়। তিনি পরিতোষ পাল চৌধুরীর স্মৃতি সংরক্ষণের লক্ষ্যে একটি মর্মর মূর্তি স্থাপন, তাঁর জীবন ও কর্ম নিয়ে বই প্রকাশ এবং তাঁর নামে একটি সড়কের নামকরণের দাবি জানান।
এছাড়াও স্মৃতিচারণ করেন পর্ষদের সহ-সম্পাদক গৌতম তালুকদার, অগ্রণী ক্লাবের সভাপতি সুবীর ভট্টাচার্য, সম্পাদক শংকর দাস, পর্ষদের কর্মকর্তা পম্পা পাল চৌধুরী, প্রদীপ দাস, প্রণব কান্তি দাস, সাংবাদিক বিশ্বজিৎ আচার্য, রাজু চৌধুরী, রানু দত্ত, বিশ্বজিৎ রায়, আশীষ দাস প্রমুখ।
সভায় আরও সিদ্ধান্ত নেওয়া হয়, নেতাজি সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্য উদঘাটনের দাবি জোরদার করা, শিলচর রেল স্টেশনের নাম পরিবর্তন করে ‘ভাষা শহিদ স্টেশন’ করা এবং পরিতোষ পাল চৌধুরীর অর্ধসমাপ্ত কাজগুলি দ্রুত বাস্তবায়নের উদ্যোগ গ্রহণ করা হবে। পাশাপাশি শীঘ্রই তাঁর কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে একটি স্মৃতি গ্রন্থ প্রকাশের কথাও ঘোষণা করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের ২৩ জানুয়ারি পরিতোষ পাল চৌধুরী প্রয়াত হন। তাঁর প্রয়াণের পর গঠিত পরিতোষ পাল চৌধুরী স্মৃতি পর্ষদ নিয়মিতভাবে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কর্মসূচির মাধ্যমে তাঁর স্মৃতি ও আদর্শকে সমাজে তুলে ধরার কাজ করে চলেছে।



