নতুন-পুরনো যোগ্য বাণিজ্যিক যানবাহনে অনুমোদিত যন্ত্র স্থাপন ও ভিএহান পোর্টালে তথ্য নথিভুক্ত করতে হবে; নিয়ম ভাঙলে ফিটনেস ও পারমিট বাতিলের ব্যবস্থা
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর, ২৩ নভেম্বর: সড়ক দুর্ঘটনা কমাতে এবং যানবাহনের অতিরিক্ত গতি নিয়ন্ত্রণে এবার স্পিড গভর্নর স্থাপনের ক্ষেত্রে কঠোর অবস্থান নিল অসম সরকার। কেন্দ্রীয় মোটরযান বিধির ১১৮ নম্বর নিয়ম কার্যকর করতে নতুন ও পুরনো—উভয় ধরনের যোগ্য পরিবহণ যানবাহনে অনুমোদিত স্পিড গভর্নর বা স্পিড লিমিটিং ডিভাইস (এসএলডি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। এ বিষয়ে রাজ্য সরকার একটি বিস্তারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) জারি করেছে।
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে, কেন্দ্রীয় মোটরযান বিধি, ১৯৮৯-এর ১১৮ নম্বর নিয়ম মেনে যানবাহনের সর্বোচ্চ গতিসীমা স্বয়ংক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সুপ্রিম কোর্টের রিট পিটিশন (সিভিল) নম্বর ২৯৫/২০১২-তে দেওয়া নির্দেশ এবং ৮ জুলাই ২০২২-এর সরকারি বিজ্ঞপ্তির ধারাবাহিকতায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
নির্দেশিকা অনুযায়ী, সংশ্লিষ্ট বিধির আওতাভুক্ত সমস্ত নতুন ও পুরনো পরিবহণ যানবাহনে স্পিড গভর্নর থাকা বাধ্যতামূলক। তবে দুই চাকা ও তিন চাকার যান, কোয়াড্রিসাইকেল, অগ্নিনির্বাপক গাড়ি, অ্যাম্বুল্যান্স এবং পুলিশের যানবাহনকে এই বাধ্যবাধকতার বাইরে রাখা হয়েছে।
স্পিড গভর্নর স্থাপনের ক্ষেত্রেও নির্দিষ্ট প্রযুক্তিগত মানদণ্ড বেঁধে দিয়েছে পরিবহণ বিভাগ। যন্ত্রগুলিকে কেন্দ্রীয় মোটরযান বিধির ১২৬ নম্বর নিয়ম অনুযায়ী স্বীকৃত পরীক্ষণ সংস্থার অনুমোদনপ্রাপ্ত হতে হবে। পাশাপাশি এআইএস-০১৮ ও এআইএস-০৩৭ মানদণ্ড মেনে বৈধ টাইপ অ্যাপ্রুভাল সার্টিফিকেট এবং কনফর্মিটি অব প্রোডাকশন সার্টিফিকেট থাকতে হবে। বৈদ্যুতিক নিরাপত্তার ক্ষেত্রে এআইএস-০০৪ পার্ট ৩-এর বিধানও মানতে হবে। নির্দিষ্ট গাড়ির মডেল ও নির্মাতা সংস্থার জন্য যন্ত্রটির অনুমোদন থাকা আবশ্যক।
নতুন যানবাহনের ক্ষেত্রে স্পিড লিমিটিং ব্যবস্থা যাচাই না করে রেজিস্ট্রেশন দেওয়া যাবে না। রেজিস্ট্রেশন কর্তৃপক্ষ ও ডিলারদের এই বিষয়টি নিশ্চিত করতে হবে। পাশাপাশি সংশ্লিষ্ট তথ্য জাতীয় ভিএহান পোর্টালে নথিভুক্ত করতে হবে।
পুরনো যানবাহনে স্পিড গভর্নর না থাকলে মালিকদের অনুমোদিত ডিলার অথবা রেট্রোফিটমেন্ট সেন্টারের মাধ্যমে যন্ত্রটি স্থাপন করতে হবে। স্থাপনের পর যন্ত্রটি সিল করা, উইন্ডস্ক্রিনে নির্দিষ্ট স্টিকার লাগানো, জিও-ট্যাগ করা ছবি ভিএহান পোর্টালে আপলোড এবং ডিজিটাল ফিটমেন্ট লেটার দেওয়ার ব্যবস্থা রাখা হয়েছে।
আগে থেকেই বৈধ স্পিড গভর্নর লাগানো থাকলেও ভিএহান পোর্টালে তার তথ্য না থাকলে সংশ্লিষ্ট জেলা পরিবহণ আধিকারিক সরেজমিনে যাচাই করে প্রয়োজনীয় সংশোধন করতে পারবেন।
নতুন এসওপি অনুযায়ী, ফিটনেস সার্টিফিকেট প্রদান বা নবীকরণের সময় স্পিড গভর্নর কার্যকর অবস্থায় রয়েছে কি না, তা সরেজমিনে পরীক্ষা করতে হবে। এই যাচাই ছাড়া কোনও যানবাহনকে ফিটনেস সার্টিফিকেট দেওয়া বা নবীকরণের অনুমতি দেওয়া হবে না।
নিয়ম কার্যকর করতে পরিবহণ বিভাগ ও ট্রাফিক পুলিশ নিয়মিত নজরদারি চালাবে। বিশেষ করে জাতীয় সড়ক ২৭, ১৭ ও ১৫-তে যানবাহন পরীক্ষা এবং স্পিড রাডারের মাধ্যমে গতিসীমা পর্যবেক্ষণ করা হবে। ভিএহান পোর্টালে প্রয়োজনীয় তথ্য অসম্পূর্ণ থাকলে সংশ্লিষ্ট মালিকদের নোটিশ পাঠানো হবে। একই সঙ্গে জেলা পরিবহণ দফতর, বাস টার্মিনাস এবং ট্রাক স্ট্যান্ডে স্পিড গভর্নর স্থাপনের জন্য বিশেষ শিবির আয়োজন করা হবে।
নির্দেশিকা লঙ্ঘনের ক্ষেত্রে একাধিক শাস্তিমূলক ব্যবস্থার কথা উল্লেখ করা হয়েছে। স্পিড গভর্নর ছাড়া চলাচলকারী কিংবা ভাঙা বা ত্রুটিপূর্ণ যন্ত্রযুক্ত যানবাহনের ফিটনেস সার্টিফিকেট স্থগিত, গাড়ি আটক এবং পারমিট স্থগিত করা হতে পারে। মোটরযান আইন, ১৯৮৮-এর ৫৩, ১৯০(২), ১৯২, ১৯২এ ও ২০৭ নম্বর ধারায় আইনি ব্যবস্থাও নেওয়া যাবে।
স্পিড গভর্নরের সঙ্গে কারচুপি, যন্ত্র নিষ্ক্রিয় করা কিংবা নির্ধারিত গতিসীমা অতিক্রমের ঘটনায় গাড়ি আটক, রেজিস্ট্রেশন স্থগিত এবং দায়ী মালিক বা মেকানিকের বিরুদ্ধে এফআইআর দায়েরের বিধান রাখা হয়েছে। জালিয়াতি বা অবহেলার অভিযোগে অভিযুক্ত ডিলার ও ফিটমেন্ট সেন্টারের অনুমোদনও স্থগিত বা বাতিল হতে পারে। দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগে সরকারি আধিকারিকদের বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।
স্পিড গভর্নরের তথ্য ভিএহান পোর্টালে নথিভুক্ত না থাকলে বৈধ ফিটনেস সার্টিফিকেট ও পারমিট প্রদান বা নবীকরণ করা হবে না বলেও স্পষ্ট করা হয়েছে।
নজরদারি আরও জোরদার করতে জেলা পরিবহণ আধিকারিকদের প্রতি মাসে যানবাহনের রেজিস্ট্রেশন সংক্রান্ত তথ্য অডিট করতে হবে। প্রতি পনেরো দিন অন্তর জেলা আয়ুক্ত এবং রাজ্যের পরিবহণ কমিশনারের কাছে অগ্রগতির রিপোর্ট জমা দিতে হবে। পাশাপাশি ত্রৈমাসিক রিপোর্ট সড়ক নিরাপত্তার লিড এজেন্সির কাছে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
জেলা সড়ক নিরাপত্তা কমিটির বৈঠকে স্পিড গভর্নর সংক্রান্ত বিধি পালনকে স্থায়ী আলোচ্যসূচি হিসেবে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।


