উধারবন্দে ভারী বর্ষণে সিরিশতলে সড়ক ভাঙন, যোগাযোগ বিচ্ছিন্ন

< 1 - মিনিট |

বিধায়কের আশ্বাস দ্রুত মেরামতের

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

উধারবন্দ : গতকালের ভারী বর্ষণে উধারবন্দের হাতিছড়া জিপির সত্যনগর এলাকার সিরিশতল অঞ্চলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। নদীর তীব্র স্রোতে হাতিছড়া সংযোগকারী পাকা সড়কটি সম্পূর্ণ নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকার সঙ্গে বাইরের যোগাযোগ কার্যত বন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন ধরেই নদীভাঙনের কারণে রাস্তাটি ঝুঁকিপূর্ণ ছিল বলে স্থানীয়দের দাবি। এছাড়া নদীর ওপর নির্মিত সেতুটিও অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে—এর একাংশ ঝুলে পড়েছে এবং আরও বৃষ্টিপাত হলে ধসে যাওয়ার আশঙ্কা করছেন এলাকাবাসী।

সড়কটি ভেঙে যাওয়ায় হাতিছড়া জিপির অন্তত ৬-৭টি গ্রামের মানুষ স্কুল-কলেজে যাতায়াত, রেশন ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র আনা-নেওয়া এবং অসুস্থ রোগীদের স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দিতে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। দৈনন্দিন জীবন প্রায় অচল হয়ে পড়েছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।

শনিবার ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যান উধারবন্দের নবনির্বাচিত বিধায়ক রাজদীপ গোয়ালা। তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলে ক্ষয়ক্ষতির চিত্র পর্যালোচনা করেন এবং জানান, প্রশাসনের তরফে ইতিমধ্যেই ত্রাণ বিতরণ করা হয়েছে। পাশাপাশি দ্রুত রাস্তা ও সেতু মেরামতে সংশ্লিষ্ট দপ্তরের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন তিনি। স্থানীয়রা অবিলম্বে স্থায়ী সমাধানের দাবি জানিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news