রেল কর্মীদের সমস্যা সমাধানে জোরালো দাবি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচর রেলস্টেশন চত্বরে অনুষ্ঠিত হলো এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের ৩৩তম দ্বিবার্ষিক সভা। শনিবার ইউনিয়নের কার্যালয়ে আয়োজিত এই সভায় রেল কর্মীদের বিভিন্ন দীর্ঘদিনের সমস্যা সমাধানের দাবিতে একাধিক গুরুত্বপূর্ণ প্রস্তাব গৃহীত হয়। পাশাপাশি আগামী দু বছরের জন্য ইউনিয়নের শিলচর শাখার নতুন কমিটিও গঠন করা হয়। নতুন কমিটি রেল কর্মীদের স্বার্থরক্ষায় চলমান আন্দোলন ও কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেছে।
সভায় রেল কর্মীদের জন্য ইউপিএস চালু করা, রেলের শূন্য পদ দ্রুত পূরণ, অতিরিক্ত কাজের চাপ হ্রাস এবং কর্মপরিবেশের উন্নয়নসহ একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনএফ রেলওয়ে মজদুর ইউনিয়নের এজিএস মনোজ সিং। তাঁর উপস্থিতিতেই শিলচর শাখার নতুন কমিটি গঠনের প্রক্রিয়া সম্পন্ন হয়।
নির্বাচনের সম্ভাবনা থাকলেও কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠন করা হয়। নতুন কমিটির সভাপতি হিসেবে মনোনীত হন রাহুল দে। কার্যকরী সভাপতি নির্বাচিত হন জে এইচ লস্কর। সম্পাদক পদে দায়িত্ব পান ধ্রুব বাল্মিকী এবং কোষাধ্যক্ষ নির্বাচিত হন নাসির আহমদ বড়ভূঁইয়া।
সম্মেলন শেষে সাংবাদিক সম্মেলনে বিদায়ী সভাপতি বিপ্লব দাস ইউনিয়নের বিভিন্ন কর্মকাণ্ড এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরেন। তিনি জানান, কেন্দ্রীয় কমিটির কর্মকর্তাদের উপস্থিতিতে ১৫ সদস্যের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এছাড়াও ৩৬ জন কার্যকরী সদস্য রয়েছেন। ভৈরবী, কাটাখাল, মিজোরাম ও জিরিবামসহ বিভিন্ন এলাকার প্রতিনিধিরা অধিবেশনে অংশগ্রহণ করেন। তিনি আশা প্রকাশ করেন, নতুন কমিটি কর্মীদের স্বার্থরক্ষায় আরও দৃঢ়তার সঙ্গে কাজ করবে।
কেন্দ্রীয় কমিটির এজিএস মনোজ সিং বলেন, বর্তমান সময়ে রেলওয়েতে কর্মীসংখ্যা আশঙ্কাজনকভাবে কমে গেছে। একসময় যেখানে কর্মীর সংখ্যা ছিল প্রায় ১৭ লক্ষ, বর্তমানে তা কমে দাঁড়িয়েছে সাড়ে ১২ লক্ষে। ফলে তিনজনের কাজের চাপ একজন কর্মীকে বহন করতে হচ্ছে। বিশেষ করে রেল ট্র্যাকের নিরাপত্তা বজায় রাখতে কর্মীদের অতিরিক্ত দায়িত্ব পালন করতে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, কর্মীদের কাজের যথাযথ মূল্যায়ন করে সর্বশেষ পে কমিশনের ভিত্তিতে বেতন নির্ধারণ না করা হলে বৃহত্তর আন্দোলনে যেতে কর্মীরা বাধ্য হবেন। সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় কমিটির এজিএস সৌরভ শইকিয়া, কোষাধ্যক্ষ সজল চক্রবর্তীসহ অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
নতুন সভাপতি রাহুল দে বলেন, ইউনিয়নের নির্ধারিত কাজগুলোকে আরও গতিশীল করার জন্য তিনি আন্তরিকভাবে কাজ করবেন। পাশাপাশি স্থানীয় বিভিন্ন সমস্যা ও ইস্যু নিয়েও সরব থাকবেন বলে জানান তিনি। এই কাজে সকলের সহযোগিতা কামনা করেন নতুন সভাপতি।



