কেআরসি বরাক টাইমস

3 - মিনিট |

এক নজরে বরাক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

সংবাদ 1 – নেশা জাতীয় সামগ্রীর বিরুদ্ধে কাছাড় পুলিশের অভিযান অব্যাহত l গোপন তথ্যর ভিত্তিতে ড্রাগসের বিরুদ্ধে অভিযান চালিয়ে শিলচর শহর থেকে একটি বিলাসী গাড়ি সহ দেড় লক্ষ নেশা জাতীয় ইয়াবা টেবলেট এবং লালস্বম লিয়ান নামের পাচারকারীকে আটক করে পুলিশ l গাড়িটির গোপন চেম্বার থেকে বাজেয়াপ্ত করা হয় এই বৃহৎ পরিমাণ নেশা জাতীয় টেবলেটগুলি l মায়ানমার থেকে মিজোরাম চামপাই জেলার মধ্য দিয়ে বহিঃরাজ্য সরবরাহের পরিকল্পনায় ছিল পাচারকারীর l শেষে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলচরে এগুলি বাজেয়াপ্ত করে পুলিশ l বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনের মাধ্যমে বিস্তারিত তথ্য তুলে ধরেন কাছাড়ের পুলিশ সুপার l বাজেয়াপ্ত ট্যাবলেটের বাজার মূল্য ১৫ কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার।

সংবাদ 2- কাটিগড়া বিধানসভার বিহাড়া স্টেশন রোডে ভয়ংকর অগ্নিকাণ্ড, বেহাল সড়কের জন্য পৌছতে পারেনি দমকল, পুড়ে ছাই আটটি দোকান ঘর।পঞ্চাশ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতির সম্ভাবনা। বৃহস্পতিবার বিকেল তিনটা নাগাদ সংঘটিত হয় এই অগ্নিকাণ্ড। আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। স্থানীয়দের সাহায্যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে আসলেও বেহাল শিলচর জয়ন্তিয়া সড়কের জন্য ঘটনাস্থলে অগ্নি নির্বাপক বাহিনী পৌঁছতে পারেনি। অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তরা হচ্ছেন শ্যামল ঘোষ, বাবুল ঘোষ, বুলু দাস, অরুণ কর, মরন মালাকার, নরেশ মালাকার, দীপন শীল, রাজু কর।

সংবাদ 3 – শহিদ -ই- আজম ভগৎ সিং-এর আত্মবলিদান দিবস উপলক্ষ্যে বৃহস্পতিবার শিলচরের ক্ষুদিরাম মূর্তির পাদদেশে যৌথভাবে নানা ধরনের অনুষ্ঠানের আয়োজন করে এ আই ডি এস ও, এ আই ডি ওয়াই ও, এ আই এম এস এস ও কিশোর কিশোরী সংগঠন কমসোমল। এ উপলক্ষ্যে ভগৎ সিং-এর প্ৰতিকৃতি স্থাপন করে মাল্যদান করেন অধ্যাপক অজয় রায়, এ আই ডি এস ও’র আসাম রাজ্য সভাপতি প্ৰজ্জ্বোল দেব, এ আই এম এস এস এর রাজ্য কমিটির সদস্য লিলি দলে, এ আই ডি এস ও’র জেলা সম্পাদক গৌর চন্দ্র দাস, এ আই কে কে এম এস এর জেলা কমিটির সদস্য সজল দাস প্রমুখ। এছাড়াও কমসোমলের পক্ষ থেকে ‘গার্ড অফ ওনার’ প্রদর্শন এবং দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন করা হয়। উপস্থিত ছাত্র ছাত্রীদের সামনে ভগৎ সিং এর ফাঁসির দিন পালনের তাৎপর্য ব্যখ্যা করে বক্তব্য রাখেন অধ্যাপক অজয় রায়।

সংবাদ 4 – কাছাড় জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি সদস্যের গুন্ডাগিরির অভিযোগ পাওয়া গেছে l প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর নিয়ে মহিলা সহ হিতাধিকারীর সঙ্গে মারপিট করে পালিয়ে গেলেন সঞ্জয় রবিদাস নামের ওয়ার্ড সদস্য l মারপিটে আহত হয়েছেন আলনি চা বাগানের পঞ্চায়েত সভাপতি সুকুমার কালিন্দী l সঞ্জয় রবিদাস লক্ষীপুর উন্নয়ন খণ্ডের অন্তর্গত ফুলেরতল জিপির তিন নম্বর ওয়ার্ডের মেম্বার কুন্তী রবিদাসের স্বামী l অভিযোগ মতে, প্রধানমন্ত্রী আবাস যোজনা দেওয়ার জন্য অর্থ নিয়েছিলেন সঞ্জয় l পরে হিতাধিকারীদের অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে বলে ৫ দিন ফুলেরতল ব্যাঙ্কে নিয়ে এসেছিলেন সঞ্জয় l কিন্তু তাদের অ্যাকাউন্টে টাকা জমা হয়নি l তারজন্য সঞ্জয়কে প্রশ্ন করেছিলেন তারা l এরফলে সঞ্জয় তাদের সঙ্গে তর্কাতর্কিতে লিপ্ত হয়ে মারপিট করে ফুলেরতল থেকে পালিয়ে যায় বলে অভিযোগ।

Register your business, organisation, and services in ‘InfoCom Silchar Diary’
e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here

সংবাদ 5 – তেলের ট্যাংকারে বার্মিজ সুপারি সরবরাহ করার অভিযোগে পুলিশ গ্রেফতার করেছে সুপারি ব্যবসায়ী রাজন লস্করকে। বুধবার রাতে মাছিমপুর তার নিজ বাড়িতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার করে থাকে। উল্লেখ্য গত দু-দিন আগে রামনগরে বাজেয়াপ্ত করা হয়েছিল বার্মিজ সুপারি ভর্তি একটি তেলের ট্যাংকার। প্রায় ৭ টন বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করেছিল পুলিশ ওই তেলের ট্যাঙ্কার গাড়ি থেকে । এই ঘটনার সূত্র ধরে পুলিশ গ্রেফতার করেছে সুপারি ব্যবসায়ী রাজন লস্করকে। বর্তমানে রাজন লস্করকে টানা জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।

সংবাদ 6 – মধুরা নদীর ভাঙন ক্রমেই রাক্ষুসে রূপ নিচ্ছে, তাই এবারও বর্ষায় বন্যার কবলে পড়তে পারেন উধারবন্দবাসী। এমনটাই আশঙ্কা জনগণের। সংবাদমাধ্যমের সামনে উদারগাও গ্রামের জনগণ এব্যাপারে জলসম্পদ বিভাগের খামখেয়ালীর অভিযোগ তুলেছেন।জিয়াউল হক বড়ভূইয়া, ফক্কর উদ্দিন বড়ভূইয়া, সেবুল হোসেন বড়ভূইয়া, আজমল হোসেন বড়ভূইয়া ও পারভেজ হোসেন বড়ভূইয়া সহ অন্যরা গত বন্যার কথা উল্লেখ করে বলেন, উদারগাও এলাকার কয়েকটি ভাঙনস্থল দিয়ে মধুরা নদীর জল প্রবাহিত হয়েছিলো।আর এতেই ছয়মাইল এলাকা সহ শিলচর – কুম্ভীরগ্রাম ভিআইপি সড়ক উপর দিয়ে জল বয়ে যায়। ভয়ঙ্কর গতিতে জল ঢোকার ফলে গোঁসাইপুর পর্যন্ত প্লাবিত হয়েছিলো।

অজস্র বাড়িঘর নষ্ট হওয়ার পাশাপাশি রাস্তাগুলো চলাচলের অনুপযোগী হয়ে গেছে। পরে জনগণের আবেদনে সাড়া দিয়ে সরকারিভাবে এলাকা পরিদর্শন করা হলেও কাজের কাজ কিছুই হয়নি। ফলে এবার ফের ভয়াবহ বন্যার কবলে পড়ার আতঙ্কে ভুগছেন জনগণ, জানান ওই এলাকার মানুষ। তারা এব্যাপারে মুখ্যমন্ত্রী সহ জলসম্পদ বিভাগের মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। সেইসঙ্গে বর্ষার আগে ভাঙন প্রতিরোধের কাজ শেষ করার অনুরোধ জানিয়েছেন উদারগাও এলাকার মানুষ।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *