চিকিৎসক এইচওডি (বার্ন ও প্লাস্টিক) সলভ কুমার জানিয়েছেন, “শুক্রবার রাত ১১.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ওই তরুণী। তাঁকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১.৪০ মিনিট নাগাদ ওই তরুণীর মৃত্যু হয়েছে।”
কে আর সি টাইমস ডেস্ক
চিকিৎসকদের যাবতীয় প্রচেষ্টা ব্যর্থ হল! লড়াই থেমে গেল উন্নাও-এর ধর্ষিতা তরুণীর। শুক্রবার রাত ১১.৪০ মিনিট নাগাদ দিল্লির সফদরজং হাসপাতালে মৃত্যু হয়েছে উন্নাও-এর ধর্ষিতা তরুণীর। চিকিৎসক এইচওডি (বার্ন ও প্লাস্টিক) সলভ কুমার জানিয়েছেন, “শুক্রবার রাত ১১.১০ মিনিটে হৃদরোগে আক্রান্ত হন ওই তরুণী। তাঁকে বাঁচানোর সব রকম চেষ্টা করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। রাত ১১.৪০ মিনিট নাগাদ ওই তরুণীর মৃত্যু হয়েছে।” গত ৫ ডিসেম্বর, বৃহস্পতিবার রায়বরেলীর আদালতে সাক্ষ্য দিতে যাচ্ছিলেন ওই তরুণী। অভিযোগ, পাঁচ জন তাঁকে ঘিরে ধরে। যাদের মধ্যে ছিল ওই গণধর্ষণ কাণ্ডে অভিযুক্ত দু’জন। প্রথমে তাঁকে বেত দিয়ে পেটানো হয়। তার পর গায়ে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। শরীরে ৯০ শতাংশ পুড়ে যায় ওই তরুণীর। তাঁকে উদ্ধার করে প্রথমে লখনউয়ের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। শারীরিক অবস্থার অবনতি হলে ওই দিনই তরুণীকে বিমানে করে দিল্লির সফদরজং হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। ওই ঘটনায় পাঁচজন অভিযুক্ত, যথাক্রমে হরিশঙ্কর ত্রিবেদী, রামকিশোর ত্রিবেদী, উনেশ বাজপাই, শিবম ও শুভম ত্রিবেদীকে গ্রেফতার করে পুলিশ। দিল্লির সফদরজং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার রাতে মৃত্যু হল উন্নাও-এর ধর্ষিতা তরুণীর।


