দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
কে আর সি টাইমস ডেস্ক
উত্তর ২৪ পরগনার জগদ্দলে আর্য্যসমাজ এলাকায় একটি পাঁচিল ভেঙে পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক জনের । এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। তাঁদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকালে।
দীর্ঘদিন ধরে বন্ধ হয়ে পড়ে রয়েছে জগদ্দলের কাঁকিনাড়া পেপার মিল, কারখানার সীমানা বরাবর পাঁচিলটিও বেশ পুরনো। এদিন সকালে আচমকাই ভেঙে পড়ে সেই পাঁচিল। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তখন পাঁচিলের পাশে দাঁড়িয়েছিলেন চারজন। এই চারজনের মধ্যে ঘটনাস্থলেই মৃত্যু হয় নুর আলম (৪৮) নামে এক ব্যক্তির। নুর আলম পেশায় ট্রাক ড্রাইভার, তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার বজবজে। ট্রাকে করে তিনি কাঁকিনাড়ায় রান্নার গ্যাসের সিলিন্ডার ডেলিভারি করতে গিয়েছিলেন। গ্যাসের গুদামের সামনে বসে তিনি চা খাচ্ছিলেন। তখনই হঠাৎ পেপার মিলের পাঁচিল হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। এই ঘটনায় আহত হয়েছেন অজিত সাউ ও মুন্না যাদব-সহ তিন জন। আর এক জনের পরিচয় জানা যায়নি। আহতদের প্রথমে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাঁদের আঘাত গুরুতর বলে সেখান থেকে তাঁদের কল্যাণী জওহরলাল নেহরু হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়। আহতদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক।দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যায় জগদ্দল ও ভাটপাড়া থানার বিশাল পুলিশবাহিনী। তাঁরা উদ্ধারকাজ শুরু করে দেন। ভিতরে কেউ আটকে থাকতে পারেন, তাই তাঁদের উদ্ধার করার জন্য দ্রুত ধ্বংসস্তূপ সরানোর কাজ শুরু হয়ে যায়। যদিও নতুন করে কাউকে চাপা পড়ে থাকতে দেখা যায়নি।


