রাত ৪টায় বাড়িতে চোরের হানা! ঘুমন্ত পরিবারকে আটকে লুট!
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর : শিলচরের দাসকলোনির উদয়ন কমপ্লেক্সের দ্বিতীয় নম্বর লেনের ২৫ নম্বর বাড়িতে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে প্রয়াত কবি-সাংবাদিক বিমলকান্তি দাসের ভাড়া বাড়িতে ঢুকে অজ্ঞাতপরিচয় চোরের দল সোনার গয়না ও নগদ ৫ হাজার টাকা লুট করে নিয়ে যায় বলে অভিযোগ।
পরিবারের জামাতা রাজদীপ রায় জানান, রাত আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে জানালার গ্রিল খুলে চোরেরা ঘরে প্রবেশ করে। এরপর পাশের ঘরে ঘুমিয়ে থাকা শাশুড়ি ও দুই শ্যালিকাকে বাইরে থেকে দরজা বন্ধ করে আটকে রাখে। পরে আলমারির চাবি সংগ্রহ করে লকার খুলে সোনার গয়না ও নগদ টাকা নিয়ে চম্পট দেয়।
ঘটনার পরদিন সকালে পরিবারের পক্ষ থেকে রাঙ্গিরখাড়ী থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে বলে জানা গেছে। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। দ্রুত চোরদের শনাক্ত ও গ্রেপ্তারের পাশাপাশি পুলিশি টহল বাড়ানোর দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।



