এলাকাবাসীরা অবিলম্বে পুরো সড়কের পূর্ণাঙ্গ পরিদর্শন ও পুরাতন কালভার্টগুলোর স্থায়ী সংস্কার দাবি করছেন
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
ধলাই: ভাগা-শেরখান সড়ক, যা সীমান্তবর্তী অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ ব্যবস্থা হিসেবে বিবেচিত, তা বর্তমানে চরম অবহেলা ও অব্যবস্থাপনার প্রতীক হয়ে দাঁড়িয়েছে। সোমবার ভাগা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে জামালপুর এলাকার পুরাতন কালভার্ট ধসে পড়ায় হঠাৎ করে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে, যা রীতিমতো জনজীবনের জন্য প্রাণঘাতী হুমকি হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি অনুযায়ী, বিগত কয়েক বছরে ওই এলাকায় বিভিন্ন সময়ে ঘটেছে একাধিক দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় একজনের মৃত্যু এবং বেশ কয়েকজন গুরুতর আহত হন। এলাকাবাসীরা বলছেন, “প্রতিবার দুর্ঘটনার পর প্রশাসন এসে দেখে যায়, ছবি তোলে, কিন্তু কাজের কাজ কিছুই হয় না। এলাকাবাসীরা অবিলম্বে পুরো সড়কের পূর্ণাঙ্গ পরিদর্শন ও পুরাতন কালভার্টগুলোর স্থায়ী সংস্কার দাবি করছেন।
একই সঙ্গে জামালপুরের ধসে পড়া অংশে জরুরি ভিত্তিতে নতুন কালভার্ট নির্মাণ ও রাস্তা পুনঃনির্মাণের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।এটা শুধুমাত্র একটি রাস্তার সমস্যা নয়—এটি এখন একটি জীবন-মৃত্যুর প্রশ্ন।সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যদি দ্রুত পদক্ষেপ না নেয়, তাহলে যে কোনো মুহূর্তে ঘটতে পারে আরও বড় দুর্ঘটনা, যার দায় সংশ্লিষ্ট দপ্তরকেই নিতে হবে—এমন হুঁশিয়ারি দিয়েছেন ভুক্তভোগী বাসিন্দারা।

Know More – Apply Here


