শিলচরে মাধ্যমিক ফলে বিপর্যয়: ২৮ জনে মাত্র ১ জন পাশ

< 1 - মিনিট |

মোবাইল আসক্তি ও অভিভাবকের উদাসীনতায় ক্ষোভ

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : শিলচরের ঐতিহ্যবাহী শিলচর সরকারি বালক উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে এ বছরের মাধ্যমিক পরীক্ষার ফলাফল সামনে আসতেই চরম উদ্বেগের সৃষ্টি হয়েছে। মোট ২৮ জন ছাত্র পরীক্ষায় অংশগ্রহণ করলেও মাত্র ১ জন উত্তীর্ণ হয়েছে, যা শিক্ষাঙ্গনে একপ্রকার বিপর্যয় হিসেবেই দেখা হচ্ছে।

এই ফলাফল নিয়ে গভীর দুঃখ প্রকাশ করেছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পারবিন সুলতানা লষ্কর। তিনি জানান, শিক্ষক-শিক্ষিকারা নিয়মিত পাঠদান, অতিরিক্ত ক্লাস এবং বিভিন্ন সচেতনতামূলক উদ্যোগ গ্রহণ করলেও পড়ুয়া ও অভিভাবকদের কাছ থেকে প্রত্যাশিত সহযোগিতা মেলেনি। প্রধান শিক্ষিকার মতে, মোবাইল ফোনের অতিরিক্ত ব্যবহার পড়ুয়াদের পড়াশোনার প্রতি মনোযোগ কমিয়ে দিচ্ছে। করোনা মহামারীর পর থেকে এই প্রবণতা আরও বেড়েছে। অনেক ছাত্র স্কুলেও মোবাইল নিয়ে আসছে, যা শিক্ষার পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।

এছাড়াও, বিদ্যালয়ে মাঝে মাঝে বন্যাক্রান্ত মানুষের আশ্রয় নেওয়ার কারণে পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।সরকারি নিয়ম অনুযায়ী, ২০ জন ছাত্র কম্পার্টমেন্টাল পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে এবং আগামী এক মাসের মধ্যে তাদের পাশ করানোর জন্য বিশেষ উদ্যোগ নেওয়া হবে। তবে এই ফলাফলে শিক্ষক-শিক্ষিকারা নিজেদের ব্যর্থ ও লজ্জিত মনে করছেন।

আগামী বছরে এমন পরিস্থিতি এড়াতে শুরু থেকেই পড়ুয়াদের পরীক্ষার জন্য প্রস্তুত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। পাশাপাশি অভিভাবকদের আরও সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধান শিক্ষিকা।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news