শিলচরে ২৫ নভেম্বর বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগের জোনাল সাংস্কৃতিক প্রতিযোগিতা

< 1 - মিনিট |

বরাক উপত্যকার তিন জেলা-সহ ডিমা হাসাও ও কার্বি আংলঙের প্রতিযোগীরা অংশ নেবেন; পাঁচটি বিভাগে হবে প্রতিযোগিতা

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর: তরুণ প্রতিভার বিকাশ এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে যুবসমাজের অংশগ্রহণ বাড়ানোর লক্ষ্যে আগামী ২৫ নভেম্বর শিলচরে অনুষ্ঠিত হতে চলেছে ‘বিকশিত ভারত ইয়ং লিডার্স ডায়ালগ ২০২৬’-এর জোনাল স্তরের সাংস্কৃতিক প্রতিযোগিতা। শিলচরের টাউন হাই স্কুলে সকাল ১১টা থেকে এই প্রতিযোগিতা শুরু হবে।

রাজ্য সরকারের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগ এবং কাছাড় জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় বরাক উপত্যকার তিন জেলা ছাড়াও ডিমা হাসাও, কার্বি আংলং এবং পশ্চিম কার্বি আংলং জেলার প্রতিযোগীরা অংশ নেবেন।

প্রতিযোগিতার আয়োজন নির্বিঘ্ন করতে সোমবার শিলচরের জেলা আয়ুক্তের সম্মেলন কক্ষে একটি প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হয়। কাছাড়ের সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা আয়ুক্ত মারিয়া তানিমের পৌরোহিত্যে অনুষ্ঠিত বৈঠকে বিভিন্ন সরকারি বিভাগের আধিকারিক ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বৈঠকে প্রতিযোগিতার উদ্দেশ্য, নিয়মাবলি, অংশগ্রহণের যোগ্যতা এবং আয়োজন সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, লোকনৃত্য, লোকসংগীত, পথনাটিকা, চিত্রাঙ্কন এবং কবিতা রচনা—এই পাঁচটি বিভাগে প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। পুরো আয়োজন রাজ্য সরকারের নির্ধারিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (এসওপি) মেনে সম্পন্ন করা হবে।

লোকনৃত্য ও লোকসংগীতের ক্ষেত্রে পরিবেশনার সময়সীমা নির্ধারণ করা হয়েছে পাঁচ মিনিটের সঙ্গে অতিরিক্ত এক মিনিট। অংশগ্রহণকারীদের বয়সের ক্ষেত্রেও গুয়াহাটির সাংস্কৃতিক পরিক্রমা বিভাগের জারি করা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণ করা হবে।

বরাক উপত্যকা ও পার্শ্ববর্তী পাহাড়ি জেলাগুলি থেকে সর্বাধিক সংখ্যক প্রতিযোগীর অংশগ্রহণ নিশ্চিত করতে মাই ভারত (এমওয়াই ভারত) পোর্টালের মাধ্যমে নাম নথিভুক্ত করার ব্যবস্থা করা হয়েছে। সংশ্লিষ্ট আধিকারিকদের নিবন্ধন লিঙ্কটি বিভিন্ন প্রচারমাধ্যমে ছড়িয়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে এনএসএসের নোডাল আধিকারিকদেরও নিবন্ধন প্রক্রিয়ায় সহযোগিতার অনুরোধ জানানো হয়েছে।

বিভিন্ন জেলা থেকে আগত প্রতিযোগীদের যাতায়াত খরচ প্রচলিত স্থানীয় বাসভাড়ার হার অনুযায়ী দেওয়া হবে বলে বৈঠকে জানানো হয়। প্রতিযোগিতার সফল আয়োজনের জন্য বিদ্যালয় পরিদর্শক এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনের মধ্যে সমন্বয় বজায় রাখার ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *