দশম-দ্বাদশ উত্তীর্ণ, স্নাতক ও আইটিআই-ডিপ্লোমাধারীদের জন্য সুযোগ; সকাল ১০টা থেকে শুরু নিয়োগ প্রক্রিয়া
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর: বেসরকারি ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের সুযোগ করে দিতে আগামী ২৬ নভেম্বর শিলচরে চাকরি মেলার আয়োজন করেছে জেলা কর্মসংস্থান দফতর। মেহেরপুরের শিলচর পলিটেকনিকে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ‘জব মেলা/মিনি রিক্রুটমেন্ট ড্রাইভ ২০২৬’ অনুষ্ঠিত হবে।
অসম সরকারের কর্মসংস্থান, কারিগরি ও প্রশিক্ষণ বিভাগের অধীন জেলা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র, শিলচরের উদ্যোগে এই নিয়োগ প্রক্রিয়ার আয়োজন করা হয়েছে। বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানের বিজ্ঞাপিত শূন্যপদে যোগ্য প্রার্থীদের নিয়োগের সুযোগ তৈরি করাই এই উদ্যোগের লক্ষ্য।
চাকরি মেলায় কারিগরি ও অকারিগরি—দুই ক্ষেত্রেই নিয়োগ করা হবে। অকারিগরি বিভাগে অ্যাকাউন্ট্যান্ট, ফ্রন্ট অফিস অ্যাসোসিয়েট, ফুড অ্যান্ড বেভারেজ অ্যাসোসিয়েট এবং হাউসকিপিং অ্যাসোসিয়েট পদে শূন্যপদ রয়েছে। অন্যদিকে, কারিগরি বিভাগে ফিটার, মেকানিক্যাল এবং ইলেকট্রিশিয়ান পদে নিয়োগের সুযোগ থাকছে।
অকারিগরি পদের জন্য দশম ও দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ প্রার্থীদের পাশাপাশি স্নাতকরাও আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট পদের যোগ্যতা ও নিয়োগকারী প্রতিষ্ঠানের নির্ধারিত শর্ত পূরণ করতে হবে।
কারিগরি বিভাগের পদগুলির জন্য আইটিআই উত্তীর্ণ প্রার্থী অথবা ইলেকট্রিক্যাল কিংবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছর মেয়াদি ডিপ্লোমাধারীরা অংশ নিতে পারবেন।
নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য চাকরিপ্রার্থীদের বায়োডাটা, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ রেজিস্ট্রেশন কার্ড এবং শিক্ষাগত যোগ্যতার সমস্ত মার্কশিট ও শংসাপত্রের মূল কপি সঙ্গে আনতে হবে। নথিপত্র যাচাইয়ের জন্য সেগুলি সঙ্গে রাখা বাধ্যতামূলক।
জেলা কর্মসংস্থান দফতরের পক্ষ থেকে যোগ্য ও আগ্রহী প্রার্থীদের নির্ধারিত দিনে শিলচর পলিটেকনিকে উপস্থিত থেকে এই সুযোগ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
চাকরি মেলা সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য জেলা কর্মসংস্থান বিনিময় কেন্দ্র, শিলচরের ০৩৮৪২-২৩৫৮৭৮৩, ৮৬৩৮৬২১৩৪৬ অথবা ৯৪৩৫৯৪৩৬ নম্বরে যোগাযোগ করা যাবে। এছাড়া ই-মেল করা যাবে deesilchar@gmail.com ঠিকানায়।


