পাঁচ বছরে ৫ লাখ পরিশোধ করেও নিস্তার মেলেনি ভুক্তভোগীর
অজিত দাস
শিলচর : মালুগ্রাম আউটপোস্ট পুলিশ এক ভুক্তভোগী পরিবারের অভিযোগের ভিত্তিতে অবৈধ অর্থলগ্নিকারী (মানি শার্ক) সুমন নাথকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার আদালতে পেশ করেছে। বৈধ লাইসেন্স ছাড়াই অত্যধিক সুদের হারে ঋণ দেওয়া এবং দীর্ঘদিন ধরে চাঁদাবাজি ও হুমকি-ধমকির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।
অভিযোগ অনুযায়ী, ২০১৯ সালে পরিবারের আর্থিক সংকটের সুযোগে সুমন নাথ ভুক্তভোগীর কাছ থেকে ৫% মাসিক সুদে ১ লাখ টাকা ধার দেন এবং চাপ সৃষ্টি করে ATM কার্ড, PIN নম্বর, সই করা ব্ল্যাঙ্ক চেক ও সাদা কাগজ নিজের দখলে নেন। গত পাঁচ বছরে পরিবারটি প্রায় ৫ লাখ টাকা পরিশোধ করলেও অভিযুক্ত অবৈধভাবে আরও অর্থ দাবি করে নিয়মিত ভয়ভীতি দেখাত বলে অভিযোগে উল্লেখ রয়েছে।
অভিযুক্ত বারবার হুমকি দিয়ে বলত যে তার পেছনে পুলিশের সুরক্ষা রয়েছে এবং প্রতিবাদ করলে ভুক্তভোগীর মেয়েকে অপহরণ করা হবে। পরবর্তীতে ব্ল্যাঙ্ক চেকের অপব্যবহার করে তিনি একটি মিথ্যা চেক বাউন্স মামলাও করেন, যার ভয় দেখিয়ে ভুক্তভোগীদের কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা আদায় করেন।
ভুক্তভোগী পরিবার অভিযোগে জানিয়েছে, সুমন নাথের মোবাইল ফোন ও ল্যাপটপ পরীক্ষা করলে তার বৃহৎ অবৈধ মানিলেনদেন চক্রের প্রমাণ মিলবে। একইভাবে আদালতে চলমান আরও কয়েকটি চেক বাউন্স মামলায় তিনি নিরীহ মানুষদের ফাঁসিয়েছেন বলেও দাবি করা হয়েছে।
অভিযোগের ভিত্তিতে মালুগ্রাম পুলিশ অভিযুক্তের মোবাইল ফোন ও ল্যাপটপ জব্দ করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে এবং তদন্ত শুরু করেছে। আজ তাকে আদালতে পেশ করা হয়েছে।



