বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যমন সেতুও পরিদর্শন সাংসদের
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : বিজেপি কাটিগড়া ও কালাইন মণ্ডলে পৃথক পৃথক সংবর্ধনা অনুষ্ঠানে রাজ্যসভার সাংসদ কণাদ পুরকায়স্থকে বিপুল উৎসাহ ও জনসমাগমের মধ্য দিয়ে সংবর্ধনা জানানো হলো। অনুষ্ঠিত পৃথক সভাগুলিতে উপস্থিত ছিলেন কাটিগড়া মণ্ডল সভাপতি বিশালাক্ষ দেব, কালাইন মণ্ডল সভাপতি নিত্য গোপাল দাস, দুজন জেলা সহ-সভাপতি বিপ্লব কান্তি পাল ও অভ্রোজ্যোতি চক্রবর্ত্তী, জেলা সদস্য নির্মলেন্দু চক্রবর্তী, রাহুল কুমার দাম, অসীম দত্ত প্রমুখ।
উপস্থিত নেতৃবৃন্দ ও সাধারণ জনগণ সাংসদের সঙ্গে বিভিন্ন উন্নয়নমূলক বিষয়ে মতবিনিময় করেন। বরাক উপত্যকার সার্বিক উন্নয়নে সাংসদের সক্রিয় ভূমিকা নিয়ে আশাবাদী স্থানীয় বাসিন্দারা।সংবর্ধনা অনুষ্ঠান শেষে সাংসদ কণাদ পুরকায়স্থ বরাক উপত্যকার গুরুত্বপূর্ণ গ্যমন সেতুও পরিদর্শন করেন। NHIDCL-র প্রজেক্ট ম্যানেজার তাঁকে আশ্বস্ত করেন যে, “প্রায় শেষ পর্যায়ে রয়েছে কাজ, ১৫ জুলাইয়ের মধ্যেই যান চলাচলের জন্য সেতুটি খুলে দেওয়া হবে।”
পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে তিনি সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কেন্দ্র ও রাজ্য সরকারের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, বরাক উপত্যকার মানুষদের বিমান পরিষেবার মাত্রাতিরিক্ত ভাড়া ঘিরে যে দুর্ভোগ রয়েছে, তা নিয়ে তিনি শীঘ্রই বিভাগীয় মন্ত্রী ও সংশ্লিষ্ট আধিকারিকদের সঙ্গে আলোচনার আশ্বাস দেন।

Know More – Apply Here


