ভোট রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সোনাই : সোনাই বিধানসভা কেন্দ্রে নির্বাচনী রাজনীতিতে নতুন সমীকরণের ইঙ্গিত মিলল রবিবার। উলামা সংহতি মঞ্চ আনুষ্ঠানিকভাবে কংগ্রেস প্রার্থী আমিনুল হক লস্করের প্রতি পূর্ণ সমর্থন ঘোষণা করেছে।
রবিবার দুপুরে আহলে সুন্নত ওয়াল জামাত, জমিয়ত উলামা-ই-হিন্দ ও নদওয়া-সহ তিনটি প্রধান ধর্মীয় সংগঠনের যৌথ আহ্বানে আয়োজিত এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সোনাই এলাকার শতাধিক আলেম-উলামা, মসজিদের ইমাম এবং মাদ্রাসার ছাত্ররা উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা দেশের সংবিধান, ধর্মনিরপেক্ষতা, অখণ্ডতা ও ভ্রাতৃত্ববোধ রক্ষার প্রয়োজনীয়তার ওপর জোর দেন। বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে ধর্মনিরপেক্ষ শক্তি হিসেবে কংগ্রেসকে সমর্থনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান তারা।
মুফতি সোয়রাব হোসেন কাসিমী, মুফতি রশিদ আহমেদসহ একাধিক ধর্মীয় নেতা বক্তব্য রাখতে গিয়ে অভিযোগ করেন, অসমে বর্তমান বিজেপি সরকারের কিছু নীতি ও মন্তব্য সংখ্যালঘুদের মধ্যে উদ্বেগ সৃষ্টি করেছে। এর প্রতিবাদেই কংগ্রেস প্রার্থীদের জয়ী করার আহ্বান জানানো হয়।
সভায় হাফিজ রশিদ চৌধুরী, আতাউর রহমান মাঝারভূইয়া, কামাল মোহাম্মদ মছদ্দর, আব্দুর রহিম লস্কর, ইকবাল মজুমদারসহ অন্যান্য বক্তারাও উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
উলামা সংহতি মঞ্চের এই সমর্থন সোনাই কেন্দ্রের নির্বাচনী লড়াইকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে।



