অসমের অবসরপ্রাপ্ত PWD ইঞ্জিনিয়ার ও স্ত্রীর বিরুদ্ধে ইডির মামলা
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি:সরকারি চাকরির প্রায় দুই দশকে ঘোষিত আয়ের সঙ্গে সম্পত্তির হিসাব মেলেনি। অসমের এক অবসরপ্রাপ্ত পূর্ত দফতরের (PWD) নির্বাহী বাস্তুকার মহম্মদ ছামেদ আলি ও তাঁর স্ত্রী পারভিন সুলতানার বিরুদ্ধে ৩.০৮ কোটি টাকার কথিত অসামঞ্জস্যপূর্ণ সম্পত্তি ও অর্থ পাচারের অভিযোগে আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। তদন্তকারী সংস্থার দাবি, পরিচিত আয়ের তুলনায় তাঁদের সম্পত্তির পরিমাণ ছিল প্রায় ১৫২.৯৬ শতাংশ বেশি।
গত ২১ নভেম্বর গুয়াহাটির বিশেষ পিএমএলএ আদালতে এই অভিযোগপত্র জমা দেওয়া হয়। ইডির হিসাব অনুযায়ী, ২০০১ সালের ১ জানুয়ারি থেকে ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে আলি ও তাঁর পরিবারের সম্পত্তির পরিমাণ দাঁড়ায় প্রায় ৫.০৯ কোটি টাকা। অথচ ওই সময়ে তাঁর পরিচিত আয়ের উৎস থেকে পাওয়া অর্থের পরিমাণ ছিল প্রায় ২.০১ কোটি টাকা। এই দুইয়ের ব্যবধান প্রায় ৩.০৮ কোটি টাকা বলে দাবি তদন্তকারী সংস্থার।
ইডির তদন্তে উঠে এসেছে, কথিত দুর্নীতির অর্থ আড়াল করতে বিভিন্ন আত্মীয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ব্যবহার করা হয়েছিল। সংস্থার অভিযোগ, আলি তাঁর স্ত্রী ও সন্তানদের অ্যাকাউন্টে হিসাববহির্ভূত নগদ অর্থ জমা করতেন। পরে সেই অর্থ জমি, বাড়ি, জীবনবিমা এবং মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করা হয়।
তদন্তকারীদের দাবি, গুয়াহাটির লালমাটিয়া রোডে একটি তিনতলা বাড়ি নির্মাণ, স্ত্রীর নামে জমি কেনা এবং এলআইসি পলিসি ও মিউচুয়াল ফান্ডে বিনিয়োগের ক্ষেত্রে ওই অর্থ ব্যবহার করা হয়েছিল। জুরপাড়ায় স্ত্রীর নামে জমি কিনে সেখানে বাড়ি তৈরির অভিযোগও রয়েছে। ওই বাড়ি থেকে ভাড়ার আয়ও আলি নিজের নিয়ন্ত্রণে রাখতেন বলে দাবি ইডির।
অবসরের পর গুয়াহাটিতে নিজের, স্ত্রী ও মেয়ের নামে আরও তিনটি ফ্ল্যাট কেনার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। অন্যদিকে, আলির স্ত্রী পারভিন সুলতানাও অর্থ পাচারের প্রক্রিয়ায় সহযোগিতা করেছিলেন বলে অভিযোগ ইডির। বিভিন্ন পূর্ত ঠিকাদারের কাছ থেকে তিনি বড় অঙ্কের টাকা পেয়েছিলেন এবং সেই অর্থ দিয়ে নিজের নামে জমি কিনেছিলেন বলে দাবি তদন্তকারী সংস্থার। উপহারের নামে পাওয়া অর্থের উৎসের পক্ষেও প্রয়োজনীয় নথি দেখাতে পারেননি তিনি বলে অভিযোগ।
উল্লেখ্য, ১৯৯০ সালের মে মাসে অসমের পূর্ত দফতরে সহকারী বাস্তুকার হিসেবে কর্মজীবন শুরু করেন আলি। উলুকুঞ্চি, শিবসাগর, করিমগঞ্জ, বদরপুর, পাথারকান্দি ও রাতাবাড়ির মতো বিভিন্ন সড়ক বিভাগে দায়িত্ব পালনের পর ২০২১ সালের ২৮ ফেব্রুয়ারি নির্বাহী বাস্তুকার হিসেবে অবসর নেন তিনি।
এই মামলার সূত্রপাত মুখ্যমন্ত্রীর বিশেষ নজরদারি শাখার (CMSVC) দায়ের করা দুর্নীতির মামলা থেকে। দুর্নীতি প্রতিরোধ আইনে আলির বিরুদ্ধে তদন্তের পর ২০২৪ সালের ৬ মার্চ গুয়াহাটির বিশেষ আদালতে চার্জশিট জমা দেয় ওই সংস্থা। পরে অর্থ পাচারের অভিযোগ খতিয়ে দেখতে তদন্ত শুরু করে ইডি।
ইডি জানিয়েছে, ২০২৬ সালের ৪ ফেব্রুয়ারি পিএমএলএ আইনে গুয়াহাটিতে থাকা একটি তিনতলা বাড়ি, একটি ফ্ল্যাট, তিনটি জমি এবং ন’টি এলআইসি পলিসি-সহ প্রায় ৩.০৬ কোটি টাকার সম্পত্তি অস্থায়ীভাবে বাজেয়াপ্ত করা হয়। পরে দিল্লির সংশ্লিষ্ট বিচারিক কর্তৃপক্ষ সেই বাজেয়াপ্তির নির্দেশ বহাল রাখে।
মামলায় আরও তদন্ত চলছে বলে জানিয়েছে ইডি। আদালতে অভিযোগ প্রমাণিত না হওয়া পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে ওঠা অভিযোগগুলি বিচারাধীন থাকবে।


