গুরুতর আহত “এনএসইউআই”র দুই সদস্যকে সংকটজনক অবস্থায় ভর্তি করা হয়েছে এসএমসিএইচে, থানায় মামলা জেলা কংগ্রেসের
অজিত দাস
শিলচর : দুই ছাত্র সংগঠনের মারপিটকে কেন্দ্র করে বৃহস্পতিবার উত্তপ্ত হলো শিলচরের কাছাড় কলেজ চত্বর।এদিন জেলা “এনএসইউআই”র এক প্রতিনিধি দল”ভোট চোর গদি চোর”শীর্ষক বিষয়ের উপর ক্যাম্পেইন করতে কাছাড় কলেজে গিয়েছিল। এবং ক্যাম্পেইন শেষ করার পর হঠাৎ ছাত্র সংগঠন “এবিভিপির”কয়েকজন নতুন সদস্য ঐক্যবদ্ধ হয়ে তাঁদের উপর চড়াও হয়েছে বলে অভিযোগ।
“এবিভিপির” হঠাৎ এই আক্রমণের বিষয়টি জিজ্ঞেস করতেই তাঁরা “এনএসইউআই”র সদস্যদের অকথ্য ভাষায় গালিগালাজ দেওয়ার পাশাপাশি টেবিলে লাথি মারা সহ ঠেলাধাক্কা শুরু করে দেয়।এদের মধ্যে একজন হঠাৎ ইট দিয়ে “এনএসইউআই”র প্রাক্তন রাজ্য সভাপতি চন্দন মজুমদারের উপর আক্রমণ করে দেয়। ফলে রক্তাক্ত অবস্থায় সে মাটিতে লুটিয়ে পড়ে।
মারপিটের এই ঘটনায় কলেজের বেশ কয়জন ছাত্র আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।যার মধ্যে “এনএসইউআই”র দুজন সদস্যকে সংকটজনক অবস্থায় শিলচর চিকিৎসা মহাবিদ্যালয় ও হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা গেছে। এদিকে ঘটনার তীব্র নিন্দা ও ধিক্কার জানিয়ে শিলচর জেলা কংগ্রেসের তরফে থানায় একটি মামলা দায়ের করে প্রকৃত দোষীদের অতি সত্বর গ্রেফতার করার দাবি জানান হয়েছে।
সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে জেলা কংগ্রেস সভাপতি সজল আচার্য জানান,ছাত্র সংগঠন এবিভিপির এহেন ঘটনা কখনো তাঁরা মেনে নেবেন না।বিষয়টি এক সাক্ষাৎকারের মাধ্যমে পুলিশের সুপারের নজরে তুলে ধরা হবে।
এবিভিপি ও শাসক দল বিজেপির গুণ্ডা বাহিনীর তরফে সংঘটিত মারপিটের এই ঘটনায় জেলা “এনএসইউআই”র প্রাক্তন সভাপতি জন্মজয় চৌধুরী, সাধারণ সম্পাদক আমিনুল হুসেন ও “এনএসইউআই”র প্রাক্তন রাজ্যিক সভাপতি চন্দন মজুমদার গুরুতর আহত হয়েছে বলে জানিয়েছেন সজল আচার্য।
এবিভিপির আচমকা এই আক্রমণের প্রত্যুত্তরে জেলা কংগ্রেস আগামীতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছে। বিজেপি সহ দলের অন্যান্য বিভিন্ন শাখা সংগঠন সহ এবিভিপিকে মুখোমুখি আসার এদিন চ্যালেঞ্জ ছুঁড়েছেন কংগ্রেস সভাপতি সজল আচার্য।
Promotional | North East Integration Rally


