মুখ্যমন্ত্রীর সফরে ভাষা শহিদ স্টেশন নামকরণের ঘোষণা মিলল না, উড়াল সেতু নিয়েও অনিশ্চয়তা – বিডিএফ

2 - মিনিট |

মুখ্যমন্ত্রী চাইলে এটি সম্ভব, কিন্তু তাঁর নীরবতা প্রমাণ করছে তিনি বাঙালিদের আবেগকে গুরুত্ব দিতে অনিচ্ছুক

অজিত দাস

শিলচর : সাম্প্রতিক সফরে শিলচরে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নেতাজি সুভাষচন্দ্র বসু ও মঙ্গল পান্ডের মূর্তি উন্মোচন করেছেন। তবে দীর্ঘদিনের দাবি ‘ভাষা শহিদ স্টেশন’ নামকরণের প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর বক্তব্যে এবারও কোনো ঘোষণা না আসায় ক্ষোভ প্রকাশ করেছে বরাক ডেমোক্রেটিক ফ্রন্ট (বিডিএফ)।

বিডিএফ-এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্তরায় বলেন, “মুখ্যমন্ত্রী শিলচরে দুই মহান ব্যক্তিত্বের মূর্তি উন্মোচন করেছেন, এতে অবশ্যই জনগণ গর্বিত। কিন্তু রাজ্যের বাঙালিদের আবেগকে সম্মান জানাতে হলে এবারের সফরেই ভাষা শহিদ স্টেশনের নামকরণ নিয়ে চূড়ান্ত ঘোষণা করা উচিত ছিল। কেন্দ্রীয় সরকার ও রেল মন্ত্রকের অনুমোদন থাকা সত্ত্বেও শুধুমাত্র রাজ্য সরকারের অনাগ্রহের কারণে বিষয়টি আটকে আছে। মুখ্যমন্ত্রী চাইলে এটি সম্ভব, কিন্তু তাঁর নীরবতা প্রমাণ করছে তিনি বাঙালিদের আবেগকে গুরুত্ব দিতে অনিচ্ছুক।”

শিলচরের উড়াল সেতু প্রসঙ্গেও তিনি প্রশ্ন তোলেন। প্রদীপ দত্তরায় বলেন, “মুখ্যমন্ত্রী জানিয়েছেন নভেম্বরে ক্যাপিটাল পয়েন্ট থেকে রাঙিরখাড়ি পর্যন্ত উড়াল সেতুর শিলান্যাস হবে। কিন্তু প্রকল্পের জন্য রাস্তার দুই পাশে থাকা বহু দোকান ভাঙতে হবে। সংশ্লিষ্ট ব্যবসায়ী ও স্থানীয়দের মতামত নেওয়া অত্যন্ত জরুরি হলেও এখনো পর্যন্ত প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভবিষ্যতে আপত্তি উঠলে প্রকল্পটি বন্ধ হয়ে যাবে, তখন বলা হবে জনগণ চাননি।

তাই অবিলম্বে জেলা প্রশাসনকে আলোচনায় বসে মতামত সংগ্রহ করতে হবে।” তিনি আরও যোগ করেন, “যানজট নিরসনে উড়াল সেতু অত্যাবশ্যক, তবে এর জন্য যথাযথ পরিকল্পনা, জমি অধিগ্রহণ, ক্ষতিপূরণ এবং পূর্ণ স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। নতুবা এটি অন্য প্রকল্পগুলির মতো শুধুই ভোটের ললিপপ হয়ে থাকবে।”

এদিন বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন, “হিন্দু দরদী দল বলে বিজেপি আত্মপ্রচার করলেও রাজ্যের হিন্দু বাঙালিদের ডি ভোটার সমস্যা সমাধানে কোনো পদক্ষেপ নেয়নি। ইতিমধ্যে দুটি সম্প্রদায়ের ডি ভোটার মামলা প্রত্যাহারের ঘোষণা দেওয়া হলেও বাঙালিদের জন্য তেমন কিছু করা হয়নি। যদি সত্যিই সরকার আন্তরিক হয় তবে অবিলম্বে বাঙালিদের ডি ভোটার মামলা প্রত্যাহার করা হোক। নতুবা আগামী নির্বাচনে এর যথাযথ জবাব দেওয়ার জন্য বাঙালি সমাজকে প্রস্তুত থাকতে হবে।”

Promotional | North East Integration Rally

Know More – Connect with Us

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news