রাতের অন্ধকারে টাকার লেনদেনের ভিডিও ভাইরাল
অজিত দাস
সৈয়দপুর : কাছাড় জেলার দক্ষিণ সৈয়দপুর গ্রাম পঞ্চায়েতের ৮ নম্বর গ্রুপে প্রধানমন্ত্রী আবাস যোজনা গৃহের জিও ট্যাগিং প্রক্রিয়াকে কেন্দ্র করে দুর্নীতির অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, জিও ট্যাগিং করিয়ে দেওয়ার নামে ওই গ্রুপের সদস্যার প্রতিনিধি রাকিব হোসেনসহ আরও কয়েকজন টাকা সংগ্রহ করে সিন্ডিকেট চালাচ্ছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি ঘটে গভীর রাতে, প্রায় ১টা ৩০ মিনিটের দিকে। এক প্রত্যক্ষদর্শী গোপনে টাকার লেনদেনের ঘটনাটি ভিডিওতে ধারণ করেন, যেখানে স্পষ্টভাবে অর্থের আদান-প্রদান দেখা যায়। পরে সেই ভিডিওটি এলাকায় ভাইরাল হলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়।
এলাকাবাসীর অভিযোগ, যাদের ইতিমধ্যে পাকা ঘর রয়েছে, তারা মাত্র ৫০০ টাকার বিনিময়ে জিও ট্যাগিং করিয়ে নিচ্ছেন। অথচ প্রকৃত দরিদ্র ও ঘরহীন মানুষ, যারা প্রকল্পের প্রকৃত সুবিধাভোগী হওয়ার কথা, তারা টাকা না দিতে পারায় বঞ্চিত হচ্ছেন।
কয়েকজন গ্রুপ সদস্য জানান, সরকারি প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য গোপনে এই ধরনের সিন্ডিকেট চালানো অত্যন্ত দুঃখজনক।
দক্ষিণ সৈয়দপুর জিপির কয়েকজন সাধারণ সদস্যের বক্তব্য, “আমরা প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করা হোক এবং যারা ঘুষ লেনদেনে যুক্ত, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।”
স্থানীয় সচেতন মহলের মতে, সরকারি প্রকল্পের নামে এমন অনিয়ম ও অর্থ লেনদেন বন্ধ করতে প্রশাসনের কড়া নজরদারি প্রয়োজন। পাশাপাশি দোষীদের বিরুদ্ধে উদাহরণমূলক ব্যবস্থা নেওয়া জরুরি, যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা আর না ঘটে।
Promotional | North East Integration Rally



