সাংবাদিক আশীষ দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল সোনার অলংকার ও নগদ অর্থ লুট
অজিত দাস
শিলচর : রবিবার ভোরে শিলচর শহরের কলেজ রোড এলাকার আজাদহিন্দ রোডে এক সাংবাদিকের বাড়িতে ঘটে গেল ভয়াবহ চুরির ঘটনা। সাংবাদিক আশীষ দাসের বাড়িতে হানা দিয়ে চোরের দল সোনার অলংকার ও নগদ অর্থ লুট করে চম্পট দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চরম আতঙ্ক।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার সকালে ঘুম থেকে উঠে আশীষ দাসের স্ত্রী দেখতে পান বাড়ির দরজা খোলা এবং জানালার গ্রিল খুলে নিচে রাখা। ঘরের ভিতরে ঢুকেই চোখে পড়ে তছনছ করা আলমারি। আলমারিতে রাখা নগদ অর্থসহ প্রায় ১০ ভরি সোনার অলংকার চোরের দল নিয়ে যায় বলে অভিযোগ।
এই দৃশ্য দেখে পরিবারের সদস্যরা হতভম্ব হয়ে পড়েন। খবর ছড়িয়ে পড়তেই আশপাশের লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন এবং সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় শিলচর ন্যাশনাল হাইওয়ে আউট পোস্টে।খবর পেয়ে আউট পোস্টের ইনচার্জ দলবল নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ গোয়েন্দা কুকুর নিয়ে তদন্ত শুরু করেছে এবং আশপাশের এলাকা ও সম্ভাব্য পালানোর রাস্তাগুলি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, পুলিশি টহল থাকা সত্ত্বেও কীভাবে এমন দুঃসাহসিক চুরি সংঘটিত হলো—তা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন। তাঁদের দাবি, এলাকায় রাতকালীন পুলিশি টহল আরও জোরদার করতে হবে এবং এই চোরচক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার তদন্ত জোরদার করা হয়েছে এবং খুব শীঘ্রই অভিযুক্তদের গ্রেপ্তার করে কঠোরতম শাস্তি নিশ্চিত করা হবে। শিলচর শহরে একের পর এক চুরির ঘটনায় সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন উঠছে। এখন দেখার, পুলিশ কত দ্রুত এই চোরচক্রকে ধরতে পারে এবং এলাকায় স্বস্তি ফেরাতে সক্ষম হয়।
Promotional | North East Integration Rally




