পুজোর দিনগুলিতে চাহিদা বাড়লেও সাধারণ মানুষ যাতে নিত্যপণ্য কিনতে গিয়ে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য
কে আর সি টাইমস ডেস্ক
আগরতলা:দুর্গাপুজোর আগে ত্রিপুরায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের জোগান স্বাভাবিক রাখা এবং বাজারদর নিয়ন্ত্রণে রাখতে প্রস্তুতি শুরু করল রাজ্য সরকার। পুজোর সময় যাতে কোনও পণ্যের ঘাটতি বা অস্বাভাবিক মূল্যবৃদ্ধি না হয়, তা নিয়ে খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতরের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।
দফতরের প্রধান সচিবের সভাপতিত্বে আয়োজিত বৈঠকে এলপিজি সরবরাহকারী, ইন্ডিয়ান অয়েল ও ভারত পেট্রোলিয়াম-সহ বিভিন্ন তেল সংস্থার প্রতিনিধি, ব্যবসায়ী সংগঠন, রেশন দোকানের ডিলার, পরিবেশক, জনপ্রতিনিধি, জেলাশাসক এবং পুলিশ আধিকারিকরা উপস্থিত ছিলেন।
খাদ্য, অসামরিক সরবরাহ ও ভোক্তা বিষয়ক দফতরের অধিকর্তা সুমিত লোধ জানান, পুজোর দিনগুলিতে চাহিদা বাড়লেও সাধারণ মানুষ যাতে নিত্যপণ্য কিনতে গিয়ে সমস্যায় না পড়েন, তা নিশ্চিত করাই সরকারের লক্ষ্য।
বৈঠকে মজুতদারি ও কালোবাজারি রুখতে নজরদারি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েও আলোচনা হয়। এ ধরনের কাজে কেউ জড়িত থাকার প্রমাণ মিললে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে।
পাশাপাশি পণ্য পরিবহণের রুট, সরবরাহকারী গাড়ির চলাচল এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়েও পর্যালোচনা করা হয়েছে। পুজোর আগে চাহিদা বাড়ার কথা মাথায় রেখে সরবরাহ ব্যবস্থায় কোনও ধরনের বাধা যাতে তৈরি না হয়, সেদিকেও নজর রাখা হচ্ছে।
সরকারি দফতর, পুলিশ, ব্যবসায়ী, পরিবেশক ও সরবরাহকারীদের সমন্বিত উদ্যোগেই পুজোর বাজারে নিত্যপণ্যের জোগান স্বাভাবিক রাখা সম্ভব বলে বৈঠকে জানানো হয়।


