চাকরি ও আর্থিক সুবিধার টোপে নিয়োগের অভিযোগ; এজেন্ট ও অ-সরকারি সংস্থার মাধ্যমে প্রস্তাবের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ
কে আর সি টাইমস ডেস্ক
নয়াদিল্লি: রাশিয়ার সশস্ত্র বাহিনীতে যোগ না দেওয়ার জন্য ভারতীয় নাগরিকদের ফের সতর্ক করল বিদেশ মন্ত্রক। চাকরি ও আর্থিক সুবিধার প্রলোভন দেখিয়ে এজেন্ট এবং অ-সরকারি সংস্থার মাধ্যমে ভারতীয়দের রুশ সেনায় নিয়োগের খবর পাওয়ার পর এই সতর্কবার্তা জারি করা হয়েছে।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, গত দু’বছর ধরে রুশ সেনায় যোগ দেওয়ার ঝুঁকি সম্পর্কে ভারতীয়দের সতর্ক করে আসছে সরকার। তারপরও এমন ঘটনা সামনে আসছে, যেখানে চাকরির প্রস্তাব বা আর্থিক সুবিধার আশায় ভারতীয় নাগরিকরা রুশ সেনায় যোগ দিচ্ছেন।
মন্ত্রকের বক্তব্য, কিছু ব্যক্তি জেনেশুনেই রুশ সেনায় যোগ দেওয়ার সুযোগ খুঁজেছেন। পরে তাঁরা ভারতীয় কর্তৃপক্ষের কাছে যোগাযোগ করে সেনা থেকে মুক্তির জন্য সাহায্য চেয়েছেন। সরকার স্পষ্ট জানিয়েছে, রুশ সেনায় যোগ দেওয়া অত্যন্ত ঝুঁকিপূর্ণ এবং এই ধরনের সিদ্ধান্ত থেকে ভারতীয়দের বিরত থাকা উচিত।
রুশ সেনায় যোগ দেওয়ার জন্য ভারতীয় নাগরিকত্ব ছেড়ে রুশ পাসপোর্ট নেওয়ার ঘটনাও সামনে এসেছে বলে জানিয়েছে বিদেশ মন্ত্রক। স্বল্পমেয়াদি আর্থিক সুবিধার কথা মাথায় রেখে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে পরামর্শ না করেই কেউ কেউ এমন সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্ত্রকের সতর্কবার্তায় উল্লেখ করা হয়েছে।
বিদেশে চাকরির প্রস্তাব গ্রহণের আগে সংশ্লিষ্ট ব্যক্তি ও নিয়োগকারী সংস্থার বিষয়ে যথাযথ যাচাই করার পরামর্শ দিয়েছে মন্ত্রক। বিশেষ করে রাশিয়ায় কাজের প্রস্তাব দেওয়া এজেন্ট বা সংস্থা বিদেশ মন্ত্রকের কাছে নথিভুক্ত কি না, তা দেখে নেওয়ার কথা বলা হয়েছে।
স্বেচ্ছাসেবী সংগঠন-সহ বিভিন্ন অ-সরকারি সংস্থার মাধ্যমেও বিদেশি নাগরিকদের রুশ সেনায় নিয়োগের তথ্য পাওয়া গিয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। ফলে এই ধরনের সংস্থার দেওয়া চাকরির প্রস্তাবের ক্ষেত্রেও ভারতীয়দের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
রুশ সেনায় ইতিমধ্যে কর্মরত ভারতীয় নাগরিকদের বিষয়েও মস্কোর সঙ্গে যোগাযোগ রাখছে ভারত। বিদেশ মন্ত্রক জানিয়েছে, রুশ কর্তৃপক্ষের সঙ্গে নিয়মিত আলোচনা চলছে। লক্ষ্য হল সেখানে থাকা ভারতীয়দের নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করা এবং তাঁদের দ্রুত রুশ সেনা থেকে অব্যাহতি দেওয়ার ব্যবস্থা করা।


