বুয়ালপুইয়ের কাছে কফি বাগানের পাশের রাস্তায় জাকারিয়ার উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
কে আর সি টাইমস ডেস্ক
আইজল:ছুটিতে বাড়ি ফিরছিলেন ২৯ বছরের সেনাকর্মী জাকারিয়া লালহরিয়াতলুয়াঙ্গা। বিমানবন্দর থেকে বন্ধুর সঙ্গে গাড়িতে করে বাড়ির পথে যাওয়ার সময় মিজোরামের কোলাসিব জেলায় পথ-সংক্রান্ত বচসা গড়াল মারামারিতে। অভিযোগ, একদল যুবকের হামলায় মৃত্যু হয়েছে ওই সেনাকর্মীর। ঘটনায় দুই নাবালক-সহ আট জনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, রবিবার সন্ধ্যায় বুয়ালপুই গ্রামের কাছে জাতীয় সড়ক ৩০৬-এ ঘটনাটি ঘটে। জাকারিয়া অসম রেজিমেন্টে কর্মরত এবং জম্মু-কাশ্মীরে মোতায়েন ছিলেন। ছুটিতে নিজের গ্রামের বাড়ি নিউ বুইলুমে ফিরছিলেন তিনি।
কোলাসিবের পুলিশ সুপার লালরিনপুইয়া ভার্তে জানিয়েছেন, আইজল সংলগ্ন লেংপুই বিমানবন্দরে জাকারিয়াকে নিতে এসেছিলেন তাঁর বন্ধু জন লালতানপুইয়া। দু’জনে একটি ট্রাকে করে কোলাসিবের দিকে যাচ্ছিলেন। পথে কাওনপুই শহরের একদল যুবকের সঙ্গে তাঁদের গাড়ির সামান্য পথ-সংক্রান্ত বিরোধ হয়। ওই যুবকেরা একটি পিকনিক থেকে ফিরছিলেন বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, গাড়ি চলাচল নিয়ে শুরু হওয়া বচসা দ্রুত হাতাহাতিতে পরিণত হয়। বুয়ালপুইয়ের কাছে কফি বাগানের পাশের রাস্তায় জাকারিয়ার উপর হামলা চালানো হয়। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ট্রাক চালাচ্ছিলেন জন লালতানপুইয়া। হামলায় তিনি সামান্য আহত হয়েছেন।
জাকারিয়ার মায়ের অভিযোগের ভিত্তিতে পুলিশ খুনের মামলা দায়ের করেছে। আটক আট জনের মধ্যে ছয় জনকে ম্যাজিস্ট্রেটের সামনে হাজির করা হবে। দুই নাবালককে পাঠানো হবে জুভেনাইল জাস্টিস বোর্ডে। ঘটনার বিস্তারিত জানতে তদন্ত চলছে।


