দীর্ঘমেয়াদে অসমে আরও ৩২টি মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি রাজ্যে ইতিমধ্যেই রয়েছে AIIMS এবং ESIC মেডিক্যাল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত ৩২টি মেডিক্যাল কলেজের মধ্যে ১৬টি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
কে আর সি টাইমস ডেস্ক
গুয়াহাটি: চিকিৎসাশিক্ষার পরিকাঠামো আরও সম্প্রসারণ করে ২০৩১ সালের মধ্যে অসমে বছরে MBBS-এ ভর্তির আসনসংখ্যা ৪,০০০-এ নিয়ে যাওয়ার লক্ষ্য নিয়েছে রাজ্য সরকার। বুধবার ঝাড়খণ্ডের দেওঘরে ৭৫০ শয্যার বাবা বৈদ্যনাথ মেডিক্যাল ট্রাস্ট হাসপাতালের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।
মুখ্যমন্ত্রী বলেন, বর্তমানে অসমে ১৬টি মেডিক্যাল কলেজ রয়েছে এবং বছরে প্রায় ২,২০০ জন চিকিৎসক তৈরি হচ্ছেন। আগে এই সংখ্যা ছিল প্রায় ৩৫০ জন। রাজ্যে মেডিক্যাল শিক্ষার পরিকাঠামো সম্প্রসারণের ফলেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে বলে জানান তিনি।
শর্মার বক্তব্য, দীর্ঘমেয়াদে অসমে আরও ৩২টি মেডিক্যাল কলেজ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এর পাশাপাশি রাজ্যে ইতিমধ্যেই রয়েছে AIIMS এবং ESIC মেডিক্যাল কলেজ। মুখ্যমন্ত্রী বলেন, প্রস্তাবিত ৩২টি মেডিক্যাল কলেজের মধ্যে ১৬টি ইতিমধ্যেই প্রতিষ্ঠিত হয়েছে।
অসমে দীর্ঘদিন চিকিৎসাশিক্ষার সুযোগ সীমিত ছিল বলেও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, ১৯৫০-এর দশকে রাজ্যের প্রথম মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার পর দ্বিতীয়টি তৈরি হয় ১৯৬০-এর দশকে এবং তৃতীয়টি ১৯৭০-এর দশকে। প্রায় ৩.৫ কোটি জনসংখ্যার রাজ্যে কয়েক দশক ধরে মাত্র তিনটি মেডিক্যাল কলেজ থাকায় বছরে প্রায় ৩০০ চিকিৎসক তৈরি হতেন। এর ফলে চিকিৎসক ঘাটতি তৈরি হয়েছিল বলে জানান তিনি।
এখন MBBS আসন বাড়ানোর পাশাপাশি নতুন তৈরি হওয়া চিকিৎসকদের কর্মসংস্থানের সুযোগ তৈরির উপরও জোর দেওয়া হচ্ছে। এ প্রসঙ্গে সাম্প্রতিক রাজ্য বাজেটের কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী। বাজেটে অসমের ৫,০০০টি উপ-স্বাস্থ্যকেন্দ্রে দু’জন করে চিকিৎসক রাখার পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
সরকারের পরিকল্পনা অনুযায়ী, মেডিক্যাল কলেজ ও MBBS আসন বাড়ানোর পাশাপাশি রাজ্যের স্বাস্থ্য পরিষেবায় প্রশিক্ষিত চিকিৎসকের উপস্থিতিও বাড়ানো হবে। এর ফলে চিকিৎসাশিক্ষার পরিকাঠামোর সম্প্রসারণের সঙ্গে অসমের স্বাস্থ্য পরিষেবার পরিধিও আরও বাড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।


