দলীয় প্রার্থীর বিরুদ্ধে ভোটে নামা সদস্যদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ; না হলে শাস্তিমূলক ব্যবস্থার হুঁশিয়ারি দিলেন বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর:শিলচর পুরনিগমের আসন্ন নির্বাচনে দলীয় প্রার্থীর বিরুদ্ধে নির্দল প্রার্থী হিসেবে লড়াই করা বিজেপি সদস্যদের পাঁচ বছরের জন্য দল থেকে বহিষ্কারের হুঁশিয়ারি দিল অসম বিজেপি। বৃহস্পতিবার শিলচরে দলের প্রচারে এসে এই বার্তা দেন অসম বিজেপির সভাপতি দিলীপ শইকিয়া।
দলের তরফে মনোনয়ন না পেয়ে যে বিজেপি সদস্যরা নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়িয়েছেন, তাঁদের মনোনয়ন প্রত্যাহার করার আহ্বান জানান শইকিয়া। তিনি বলেন, দলের আনুষ্ঠানিক প্রার্থীদের বিরুদ্ধে ভোটে লড়াই চালিয়ে গেলে সংশ্লিষ্ট সদস্যদের বিরুদ্ধে শৃঙ্খলামূলক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে পাঁচ বছরের জন্য দল থেকে বহিষ্কারও করা হতে পারে।
শিলচর পুরনিগমের প্রথম নির্বাচন ঘিরে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশের পর থেকেই দলের অন্দরে অসন্তোষের খবর সামনে এসেছে। মোট ৪২টি ওয়ার্ডের মধ্যে বিজেপি ৩৮টিতে প্রার্থী দিয়েছে। জোটসঙ্গী অসম গণ পরিষদ (AGP) লড়ছে বাকি চারটি ওয়ার্ডে।
দলের টিকিট প্রত্যাশী কয়েকজন বিজেপি সদস্য মনোনয়ন না পেয়ে নির্দল হিসেবে প্রতিদ্বন্দ্বিতায় নামায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। তাঁদের উদ্দেশেই বৃহস্পতিবার কড়া বার্তা দেন শইকিয়া।
শিলচর পুরনিগমের ভোট ৩ অক্টোবর। ৪২টি ওয়ার্ডের মধ্যে ইতিমধ্যেই দু’টি ওয়ার্ডে বিজেপি প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। ফলে ভোট হবে ৪০টি ওয়ার্ডে। ভোট গণনা হবে ৬ অক্টোবর।
এদিকে ভোট যত এগিয়ে আসছে, শিলচরে প্রচারও জোরদার করছে বিজেপি-এজিপি জোট। প্রথমবার পুরনিগম হিসেবে নির্বাচন হতে চলা শিলচরে প্রার্থী বাছাইকে ঘিরে দলের ভিতরের প্রতিযোগিতা এবং অসন্তোষ এখন প্রচারের অন্যতম আলোচিত বিষয়।
আগের শিলচর পুরসভাকে উন্নীত করে ৪২টি ওয়ার্ড নিয়ে পুরনিগম গঠন করা হয়েছে। এই নতুন কাঠামোর অধীনেই প্রথমবারের মতো পুরনিগমের নির্বাচন হচ্ছে। বিজেপি ৩৮টি এবং এজিপি চারটি ওয়ার্ডে প্রার্থী দিয়ে জোট হিসেবে সবক’টি ওয়ার্ডেই প্রতিদ্বন্দ্বিতা করছে।


