মণিপুরে ২০২৭ বিধানসভা ভোটের আগে নতুন দল পিআরপির আত্মপ্রকাশ

< 1 - মিনিট |

৪০টি আসনে নতুন মুখকে প্রার্থী করার পরিকল্পনা; আগাম বা ভোট-পরবর্তী জোটে যাবে না বলে জানাল পিপলস রিফর্মেশন পার্টি

কে আর সি টাইমস ডেস্ক

ইম্ফল: ২০২৭ সালের মণিপুর বিধানসভা নির্বাচনের আগে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করল সদ্য নথিভুক্ত রাজনৈতিক দল পিপলস রিফর্মেশন পার্টি (PRP)। বৃহস্পতিবার ইম্ফলে দলের প্রথম সাংবাদিক বৈঠকে দলীয় কর্মসূচি ও নির্বাচনী পরিকল্পনার কথা তুলে ধরেন পিআরপি সভাপতি মাংসাতাবাম অ্যান্ডি।

নির্বাচন কমিশনের ওয়েবসাইটে পিআরপিকে মণিপুরের একটি নথিভুক্ত কিন্তু স্বীকৃতিহীন রাজনৈতিক দল হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। ২০২৩ সালের মে মাস থেকে চলা জাতিগত সংঘাতের দীর্ঘস্থায়ী প্রভাবের মধ্যেই নতুন দলের আত্মপ্রকাশ ঘটল।

দলের ১৩ দফা ইস্তাহারে শান্তি প্রতিষ্ঠা, জননিরাপত্তা, মণিপুরের আঞ্চলিক অখণ্ডতা, ‘অস্ত্রমুক্ত মণিপুর’ এবং অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের কল্যাণের মতো বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে।

সাংবাদিক বৈঠকে অ্যান্ডি বলেন, শুধুমাত্র নতুন রাজনৈতিক মুখ সামনে আনলেই পরিবর্তন আসে না। প্রশাসনের মানোন্নয়ন এবং যোগ্য জনপ্রতিনিধি নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক পরিবর্তন সম্ভব বলে তাঁর বক্তব্য।

পিআরপি আগামী বিধানসভা নির্বাচনে উপত্যকার ৪০টি আসনে নতুন প্রার্থী দেওয়ার পরিকল্পনা করেছে। প্রার্থী বাছাইয়ের আগে তাঁদের সম্পর্কে বিস্তারিত যাচাই করা হবে বলে জানান অ্যান্ডি। দলীয় সদস্যপদ সকলের জন্য খোলা থাকলেও প্রার্থী বাছাইয়ের ক্ষেত্রে কঠোর মানদণ্ড অনুসরণ করা হবে এবং জনসমক্ষে প্রার্থীদের সম্পর্কে যাচাই-বাছাইয়ের সুযোগ থাকবে বলেও জানান তিনি।

মণিপুর বিধানসভায় মোট ৬০টি আসন রয়েছে।

রাজনৈতিক অর্থায়নে স্বচ্ছতার উপরও জোর দিয়েছে নতুন দলটি। অ্যান্ডির বক্তব্য, শুধু রাজনৈতিক প্রতিশ্রুতি নয়, নির্বাচিত প্রতিনিধিদের কাজের পরিমাপযোগ্য ফলাফলও সামনে আনতে হবে। একই সঙ্গে দলবদল করে রাজনৈতিক সুবিধা নেওয়ার প্রবণতা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পিআরপি।

রাজ্যের প্রশাসন ও সম্পদ ব্যবস্থাপনা নিয়েও বক্তব্য রাখেন অ্যান্ডি। তাঁর দাবি, মণিপুরে সম্পদের ঘাটতি নেই; বরং প্রশাসনিক অদক্ষতার কারণে বিভিন্ন সমস্যা তৈরি হয়েছে। দায়িত্বশীল প্রশাসনের মাধ্যমে সেই সমস্যাগুলির মোকাবিলা করা সম্ভব বলে তিনি মন্তব্য করেন।

নির্বাচনী জোটের প্রশ্নে পিআরপির অবস্থানও স্পষ্ট করেছেন দলীয় সভাপতি। তিনি জানান, ভোটের আগে বা ভোটের পরে কোনও রাজনৈতিক দলের সঙ্গে জোট করবে না পিআরপি। নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলে দল বিরোধী আসনে বসবে বলেও জানান অ্যান্ডি

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *