গগৈ-সহ অসম কংগ্রেসের একাধিক নেতা আটক, সিইসি-র অপসারণের দাবিতে গুয়াহাটিতে বিক্ষোভ

< 1 - মিনিট |

রাজীব ভবন থেকে সিইও দফতরের পথে মিছিল; ব্যারিকেড টপকানোর সময় গৌরব গগৈ-সহ নেতাদের আটক করে পুলিশ

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতারের দাবিতে শুক্রবার গুয়াহাটিতে কংগ্রেসের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়াল। অসম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি তথা সাংসদ গৌরব গগৈ-সহ দলের একাধিক শীর্ষ নেতাকে আটক করে পুলিশ। রাজীব ভবন থেকে জনতা ভবনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দিকে মিছিল এগোলে পুলিশ ব্যারিকেড দিয়ে তা আটকানোর চেষ্টা করে। পরে গগৈ-সহ বেশ কয়েকজন নেতাকে হেফাজতে নেওয়া হয়।

কংগ্রেসের সর্বভারতীয় কর্মসূচির অংশ হিসেবেই এই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR-এর সময় ভোটার তালিকায় পরিবর্তন নিয়ে স্বাধীন পর্যালোচনার দাবির পাশাপাশি জ্ঞানেশ কুমারের অপসারণ ও গ্রেফতানিও দাবি করছে দল।

অসম কংগ্রেসের পরিকল্পনা ছিল রাজীব ভবন থেকে মিছিল করে জনতা ভবনে মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরে পৌঁছনো। মিছিল এগোতেই পুলিশ বাধা দেয়। কংগ্রেসের দাবি, বিক্ষোভকারীরা মুখ্য নির্বাচন কমিশনারের কুশপুতুল পোড়ানোর চেষ্টা করলে পুলিশ বলপ্রয়োগ করে এবং একাধিক নেতাকে জোর করে আটক করা হয়। এই অভিযোগের বিষয়ে পুলিশি বক্তব্য এখনও সামনে আসেনি।

অসম কংগ্রেসের মিডিয়া বিভাগের চেয়ারম্যান বেদব্রত বরা জানিয়েছেন, গগৈ ছাড়াও এআইসিসি-র সম্পাদক মনোজ চৌহান, সেবা দলের সভাপতি দীপায়ন, অসম প্রদেশ কংগ্রেসের সাধারণ সম্পাদক উদিত ভানু দাস এবং দলের নেত্রী বিদিশা নেওগ, মৌসুমি নেওগ, তাজিক পারবিন, মাইনাজান বেগম, শান্তনু বরা, গোলাম মুস্তাক ওসমানি, অঙ্কুর রাজ গগৈ এবং আনোয়ার হুসেন-সহ বেশ কয়েকজনকে আটক করা হয়েছে।

বিক্ষোভের কেন্দ্রবিন্দুতে রয়েছে SIR ঘিরে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে কংগ্রেসের অভিযোগ। দলটির দাবি, ভোটার তালিকা সংশোধন, ভোটারদের নাম বাদ দেওয়া এবং নির্বাচনী তথ্য ব্যবস্থাপনা নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। সম্প্রতি প্রকাশিত একটি প্রতিবেদনে নির্বাচন কমিশনের দুই সদস্য—সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী—SIR-সংক্রান্ত বিভিন্ন সিদ্ধান্তে আপত্তি জানিয়েছিলেন বলে দাবি করা হয়েছে।

তবে নির্বাচন কমিশন কমিশনের অন্দরে কোনও বিভাজনের কথা অস্বীকার করেছে। কমিশনের বক্তব্য, তিন সদস্যের সংস্থায় অভ্যন্তরীণ আলোচনার সময় মতপার্থক্য থাকা স্বাভাবিক এবং SIR-সহ গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি কমিশনের অনুমোদনেই নেওয়া হয়েছে।

এদিকে, অসম কংগ্রেস জানিয়েছে, আগামী ২৮ সেপ্টেম্বর রাজ্যের বিভিন্ন জেলা ইউনিটের নেতৃত্বে জেলা আয়ুক্তদের দফতরের বাইরে আরও বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *