‘ডিলিমিটেশন বিল পাশ করাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা প্রয়োজন’, দাবি অসম প্রদেশ কংগ্রেস সভাপতি
কে আর সি টাইমস ডেস্ক
নগাঁও:আসন্ন নগাঁও লোকসভা উপনির্বাচনকে ‘গণতন্ত্র ও ডিলিমিটেশনের দিক থেকে গুরুত্বপূর্ণ’ বলে মন্তব্য করলেন অসম প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ। ২৭ সেপ্টেম্বর নগাঁওয়ে এক কর্মসূচিতে বক্তব্য রাখতে গিয়ে তিনি দাবি করেন, লোকসভায় দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিশ্চিত করার লক্ষ্যে বিজেপি যে সংখ্যার দিকে এগোচ্ছে, সেই প্রেক্ষাপটে উপনির্বাচনের প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।
গগৈ বলেন, লোকসভায় প্রয়োজনীয় সংখ্যা পেলে ডিলিমিটেশন বিল পাশ করানোর ক্ষেত্রে তা গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। তাঁর বক্তব্য, “এই নির্বাচন গণতন্ত্র নিয়ে। লোকসভায় বিজেপি কী ভাবে সংখ্যার পরিবর্তন করতে চাইছে, যাতে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পায় এবং ডিলিমিটেশন বিল আনতে পারে—সেই কারণেও প্রতিটি ভোট গুরুত্বপূর্ণ।”
ডিলিমিটেশন বিল, ২০২৬ ১৬ এপ্রিল লোকসভায় পেশ করা হয়েছিল। বিলটির উদ্দেশ্য লোকসভা ও বিধানসভায় আসন পুনর্বিন্যাস এবং রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচনী এলাকার পুনর্গঠনের জন্য ডিলিমিটেশন কমিশন গঠন করা।
গগৈ আরও বলেন, আগামী দিনে কংগ্রেস প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একটি প্রস্তাব আনবে। নগাঁওয়ের সাংসদকে সেই প্রস্তাবের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানানো হবে বলেও জানান তিনি।
নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও কংগ্রেস সম্প্রতি একাধিক প্রশ্ন তুলেছে। বিশেষ করে চলতি বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর নিয়ে কমিশনের সঙ্গে বিরোধী দলগুলির মতপার্থক্য তৈরি হয়েছে। তবে ২৬ সেপ্টেম্বর কমিশন জানিয়েছিল, পূর্ণাঙ্গ কমিশনের বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলি সর্বসম্মত ভাবেই অনুমোদিত হয়েছে।
কংগ্রেস সাংসদ প্রদ্যুৎ বরদলৈ পদত্যাগ করায় নগাঁও লোকসভা আসনটি শূন্য হয়েছে। এই আসনে উপনির্বাচন হবে ৬ অক্টোবর, ভোটগণনা ৯ অক্টোবর।


