ভোটের আগের দিন, ভোটের দিন ও গণনা শেষ না হওয়া পর্যন্ত নিষেধাজ্ঞা; পুনর্নির্বাচন হলেও কার্যকর থাকবে নির্দেশ
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর:শিলচর পুরনিগম নির্বাচন ঘিরে ২, ৩ ও ৬ অক্টোবর ‘ড্রাই ডে’ ঘোষণা করল অসম সরকার। ওই সময় শিলচর পুরনিগম এলাকার মধ্যে মদ ও অন্যান্য মাদকজাতীয় পানীয়ের বিক্রি, মজুত, পরিবহণ ও দখলে নিষেধাজ্ঞা জারি থাকবে। পুনর্নির্বাচনের প্রয়োজন হলে সংশ্লিষ্ট দিনেও একই বিধিনিষেধ কার্যকর হবে।
অসমের রাজ্যপালের জারি করা নির্দেশ অনুযায়ী, ২ অক্টোবর ভোটের আগের দিন এবং ৩ অক্টোবর ভোটের দিন পুরনিগম এলাকার সব ধরনের মদ বিক্রির উপর নিষেধাজ্ঞা থাকবে। ৬ অক্টোবর ভোট গণনার দিন গণনা শেষ না হওয়া পর্যন্তও নিষেধাজ্ঞা বহাল থাকবে।
নির্দেশটি জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর ১৩৫(সি) ধারা এবং অসম আবগারি বিধি, ২০১৬-এর ৩২৬(এ) বিধির অধীনে জারি করা হয়েছে।
নির্দেশ অনুযায়ী, নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ব্যক্তি বা গোষ্ঠীর কাছে মদ বা অন্য কোনও মাদকজাতীয় পানীয় রাখাও নিষিদ্ধ। হোটেল, রেস্তরাঁ, পানশালা, দোকান বা অন্য কোনও সরকারি-বেসরকারি জায়গায় মদ বিক্রি বা বিতরণও করা যাবে না।
ফলে শিলচর পুরনিগম এলাকার মধ্যে সব পাইকারি ও বন্ডেড গুদাম, আইএমএফএল ও বিয়ার ‘অফ’ এবং ‘অন’ শপ, ক্লাব ‘অন’, হোটেল ‘অন’ এবং কান্ট্রি স্পিরিটের দোকান বন্ধ থাকবে।
শুধু বিক্রিই নয়, নিষেধাজ্ঞার আওতায় থাকছে মদ মজুত, পরিবহণ এবং দখলে রাখা। অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে কোনও ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে মদ পাওয়া গেলেও আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে।
পুরভোটের কোনও ওয়ার্ডে পুনর্নির্বাচনের নির্দেশ দেওয়া হলে, সেই দিনও সংশ্লিষ্ট এলাকায় ‘ড্রাই ডে’ কার্যকর থাকবে।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, নির্দেশ অমান্য করলে অসম আবগারি আইন ও বিধি এবং জনপ্রতিনিধিত্ব আইন, ১৯৫১-এর সংশ্লিষ্ট ধারায় কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
শিলচর পুরনিগমের প্রথম নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যেই নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার হয়েছে। তারই অংশ হিসেবে ভোটের আগে থেকে গণনা শেষ হওয়া পর্যন্ত মদ ও মাদকজাতীয় পানীয় নিয়ন্ত্রণে এই নিষেধাজ্ঞা জারি করা হল।


