উত্তর-পূর্বের প্রথম ভিসা আবেদন কেন্দ্র গুয়াহাটিতে, পরিষেবা মিলবে ১৪ দেশের

2 - মিনিট |

অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিমের বাসিন্দারা এই কেন্দ্রের পরিষেবা নিতে পারবেন।

কে আর সি টাইমস ডেস্ক

গুয়াহাটি: বিদেশযাত্রার ভিসা সংক্রান্ত পরিষেবা আরও সহজলভ্য করতে উত্তর-পূর্ব ভারতের প্রথম ভিসা আবেদন কেন্দ্র চালু হল গুয়াহাটিতে। আন্তর্জাতিক ভিসা পরিষেবা প্রদানকারী সংস্থা ভিএফএস গ্লোবাল-এর এই কেন্দ্র থেকে ১৪টি দেশের ভিসার জন্য আবেদন করা যাবে। এতে অসম-সহ উত্তর-পূর্বের আটটি রাজ্যের বাসিন্দারা উপকৃত হবেন বলে আশা করা হচ্ছে।

বৃহস্পতিবার কেন্দ্রটির উদ্বোধন করেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। উপস্থিত ছিলেন পর্যটনমন্ত্রী অজন্তা নেওগ, পরিবহণমন্ত্রী চরণ বড়ো এবং ভিএফএস গ্লোবাল দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার। সুইৎজারল্যান্ড, চেক প্রজাতন্ত্র, ইতালি ও ফ্রান্সের কূটনৈতিক মিশনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে যোগ দেন।

খানাপাড়ার আন্তঃরাজ্য বাস টার্মিনাসে (আইএসবিটি) কেন্দ্রটি গড়ে তোলা হয়েছে। সড়কপথে সহজে পৌঁছনোর পাশাপাশি গুয়াহাটির বিমান ও রেল যোগাযোগ ব্যবস্থার সুবিধাও পাবেন আবেদনকারীরা।

এই কেন্দ্র থেকে অস্ট্রিয়া, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, মিশর, এস্তোনিয়া, ফ্রান্স, আয়ারল্যান্ড, ইতালি, জাপান, লাটভিয়া, মাল্টা (ডি-ভিসা আবেদন), মরক্কো, সুইৎজারল্যান্ড এবং যুক্তরাজ্যের ভিসার আবেদন সংক্রান্ত পরিষেবা পাওয়া যাবে।

অসমে ভিএফএস গ্লোবালের এটিই প্রথম ভিসা আবেদন কেন্দ্র। অসম ছাড়াও অরুণাচল প্রদেশ, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ও সিকিমের বাসিন্দারা এই কেন্দ্রের পরিষেবা নিতে পারবেন। বিদেশে পড়াশোনা, পর্যটন, ব্যবসা কিংবা অন্যান্য প্রয়োজনে যাঁরা যেতে চান, তাঁদের জন্য এই ব্যবস্থা বিশেষ সুবিধাজনক হবে বলে মনে করা হচ্ছে।

ভিএফএস গ্লোবালের দক্ষিণ এশিয়ার চিফ অপারেটিং অফিসার ইউমি তালওয়ার বলেন, উত্তর-পূর্বে বিদেশে পড়াশোনা, ব্যবসা ও পর্যটনের আগ্রহ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে আন্তর্জাতিক যাতায়াতের চাহিদা। নির্ভরযোগ্য ভিসা পরিষেবা মানুষের আকাঙ্ক্ষাকে বাস্তব সুযোগে পরিণত করতে সাহায্য করবে। নিরাপদ, প্রযুক্তিনির্ভর এবং সহজ আবেদন প্রক্রিয়ার উপর সংস্থা জোর দেবে বলেও জানান তিনি।

মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মার মতে, এই কেন্দ্র চালুর ফলে উত্তর-পূর্বের সঙ্গে আন্তর্জাতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে। তরুণ প্রজন্ম, ব্যবসায়ী এবং পর্যটন ক্ষেত্রের সঙ্গে যুক্ত মানুষ এর সুফল পাবেন। গোটা অঞ্চলকে আরও সংযুক্ত ও আন্তর্জাতিক যাতায়াতের উপযোগী করে তোলার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলেও মন্তব্য করেন তিনি।

সংস্থার ২৫ বছর পূর্তির সময়ে ভারতে ভিসা আবেদন পরিষেবার নেটওয়ার্ক সম্প্রসারণের অংশ হিসেবেই গুয়াহাটিতে এই কেন্দ্র চালু হল। এত দিন ভিসার কাজে উত্তর-পূর্বের অনেক আবেদনকারীকে অঞ্চলটির বাইরে যেতে হত। নতুন কেন্দ্র সেই অতিরিক্ত যাতায়াতের প্রয়োজন কমাবে বলে আশা করা হচ্ছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *