দ্রুত সেতু মেরামতের দাবি
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
কাটিগড়া : সড়ক ও সেতু ভাঙনের ফলে অসম-মেঘালয় সীমান্তে আটকে পড়া শতাধিক ট্রাকচালক ও সহকারীদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করল কাছাড় জেলা প্রশাসন। বুধবার গুমড়া থেকে কালাইনছড়া পর্যন্ত দাঁড়িয়ে থাকা প্রায় সাড়ে তিনশ ট্রাকচালকের হাতে জরুরি রেশন কিট তুলে দেওয়া হয়।
গত একমাস ধরে কাটিগড়া–বদরপুর সংযোগকারী গ্যামন সেতু বন্ধ রয়েছে। পাশাপাশি, ভাঙ্গারপারে হারাং সেতু ভেঙে যাওয়ায় এবং ২৭ নম্বর জাতীয় সড়কে ভূমিধসে পুরো যোগাযোগ ব্যবস্থা কার্যত অচল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ট্রাকচালকরা খাদ্য ও পানীয় জলের তীব্র সংকটে ছিলেন।
কাছাড়ের জেলাশাসক মৃদুল যাদবের নির্দেশে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ, সার্কল অফিসার ড. রবার্ট টুলোর ও স্বেচ্ছাসেবকরা একত্রে রেশন বিতরণে অংশ নেন। প্রতিটি কিটে ছিল—৫ কেজি চাল, ২ কেজি ডাল, ২ লিটার তেল, ১ কেজি লবণ, ২ প্যাকেট বিস্কুট ও ৫ লিটার জল।
ত্রাণ পেয়ে স্বস্তি প্রকাশ করেন চালকরা। তারা দ্রুত রাস্তা ও সেতু মেরামতের দাবি জানান, যাতে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। প্রশাসনের এই মানবিক উদ্যোগ প্রশংসিত হলেও দীর্ঘমেয়াদি সমাধানই এখন সময়ের দাবি।
Promotional | Subscribe KRC TIMES e-copy



