এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – মুখ্যমন্ত্রী ড. হিমন্তবিশ্ব শর্মার দুর্নীতি মুক্ত অসম গড়ার উদ্দেশ্যকে বুড়ো আঙুল দেখিয়ে লক্ষীপুর জিপি সভাপতি অনুপ কুমার পাল বরইতলি গ্রামকে দুর্নীতির আখড়া বানিয়ে ফেলেছেন। শনিবার এই গ্রামের স্থানীয়রা সংবাদ মাধ্যমকে ডেকে দুর্নীতির ইতিহাস তুলে ধরেন । বরইতলী এলাকার প্রায় প্রত্যেকটি গ্রামীন সড়ক অর্ধ সমাপ্ত, একের পর এক প্রকল্প উন্নয়নের নামে লক্ষ লক্ষ টাকা বরাদ্দ হলেও কেবল ফলক বসিয়ে কাজ শেষ হয়েছে। শুধু তাই নয়, গ্রামের আনাচে-কানাচে ছড়িয়ে রয়েছে অসংখ্য সরকারি ফলকের মিছিল।
তবে সব কয়টি কাজ অর্ধসমাপ্ত। স্থানীয়দের সম্পূর্ণ অন্ধকারে রেখে সভাপতি অনুপ পালের নেতৃত্বে সরকারি অর্থ লুন্ঠন করেছেন একাংশ গ্রুপ সদস্য সদস্যারা। বরইতলী টিলাতে কালী মন্দিরের কাজেও লাগামহীন দুর্নীতি হয়েছে, বাদ যায়নি শ্মশান কালীবাড়িও । প্রায় প্রত্যেকটি উন্নয়নমূলক কাজে রয়েছে লাগামহীন দুর্নীতি। স্থানীয়রা এ ব্যাপারে উচ্চ পর্যায়ের তদন্তের দাবি করেছেন।
সংবাদ 2 – ভুবন তীর্থে মৃত্যু ঘটলো এক পুণ্যার্থীর। হৃদরোগে আক্রান্ত হয়ে পাহাড়ের উপর মন্দির সংলগ্ন এলাকায় মৃত্যু হয় রঞ্জিত পাল নামের যুবকের। রঞ্জিত পালের বাড়ি ধলাই বাজারে বলে জানা গেছে। শনিবার রাতে রঞ্জিতের মৃত্যু হয় পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয়। এদিকে আবহাওয়া অনুকূলে থাকায় ভুবন তীর্থে পুণ্যার্থীদের ঢল নামে।
সংবাদ 3 – ১৭২ ব্যাটেলিয়ন বিএসএফের ব্যবস্থাপনায় শনিবার ভারত-বাংলাদেশ সীমান্তের মেঘালয় অংশে কাটাতারের ফেন্সিং-এর ভিতরে থাকা শত বছর পুরানো শিব মন্দিরে শিবপুজোর আয়োজন করা হয়েছে। আটত্রিশ ছোট ভুবন নামে খ্যাত। শনিবার পুজোয় অনেক ধর্মপ্রাণ ব্যাক্তি সহ ফার্স্ট ব্যাটেলিয়নের জওয়ানরাও অংশ গ্রহণ করেন। বিএসএফের পক্ষ থেকে সাড়ে চারশত ধর্মপ্রাণ মানুষকে লুচি, তরকারি, খিচুড়ি, সরবত সহ প্রসাদ বিতরণ করা হয়। রবিবার এখানে মূল শিবরাত্রিতে প্রায় পাচহাজার জনগন অংশ গ্রহণ করেন।
সংবাদ 4 – আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ২০ ফেব্রুয়ারি জি-বাংলা “সা-রে-গা-মা-পা”খ্যাত লোক সঙ্গীত শিল্পী তুলিকা-গঙ্গাধর মণ্ডলের উপস্থিতিতে শিলচর বঙ্গ ভবনে এক আকর্ষণীয় সঙ্গীত সন্ধ্যার আয়োজন করছে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন শিলচর আঞ্চলিক সমিতি। শনিবার আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে দু’দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে তাঁরা।২০ ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের প্রাক সন্ধ্যায় একটি ছোট অনুষ্ঠানের পাশাপাশি সঙ্গীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে।
আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহিদ বেদীতে শ্রদ্ধাজলী নিবেদন করা সহ শহরের বিভিন্ন অফিস, আদালত, হাট-বাজার, ও ব্যবসায়ীক প্রতিষ্ঠানের নামফলকে সরকারি ভাষা বাংলার লিপি ব্যবহার করার আহ্বান জানানো হবে। ভাষার দিকে আকৃষ্ট করতে আগামী ২০ ফেব্রুয়ারি আয়োজিত হতে যাওয়া সঙ্গীত সন্ধ্যাকে সুন্দর ও স্বার্থক করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা। সাংবাদিক সম্মেলনে সব্যসাচি পুরকায়স্থ,উত্তম কুমার সাহা, বিশ্বনাথ ভট্টাচার্য, জয়ন্ত দেবরায়,বকুল চন্দ্র নাথ ও সুশান্ত সেন সহ অন্যরা উপস্থিত ছিলেন।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 – দুই দিনব্যাপী কাছাড় জেলার লক্ষ্মীপুর বিধান সভার বন তারাপুর চা বাগানে রাষ্ট্রীয় আদিবাসী কল সমাজ মহাসম্মেলন সহ সংগ্ৰামী বিরসা মুন্ডা ও বধূ ভগৎ জন্মজয়ন্তী পালন করা হয় বিভিন্ন কার্যসূচির মাধ্যমে।প্রথমে অনুষ্ঠানের শুভারম্ভ করা হয় এক পদযাত্রার মাধ্যমে। সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ঝাড়খন্ড থেকে আগত কল ভাষা বিশেষজ্ঞ ও কল আদিবাসী শিক্ষা ও সংস্কৃতি উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ভুবনেশ্বর কল বলেন,ভারতের
মধ্যপ্রদেশ,ঝাড়খন্ড,বিহার,ছয়ত্রিশগড় রাজ্যে কল জাতিকে রাজ্য সরকার অনুসুচিত আদিবাসী জাত হিসাবে সরকারিভাবে স্বীকৃতি দিয়েছেন। কিন্তু অসমে বসবাসকারী কল জাতিকে অনুসূচিত আদিবাসী জাতি হিসাবে সরকারিভাবে স্বীকৃতি পাচ্ছেন না,শিক্ষা ও চাকুরির ক্ষেত্রে সহ বিভিন্ন সুবিধা থেকে সরকারি সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়ে আছেন কল সমাজ অথচ কল জাতিটি হলো ভারত তথা প্রাচীন জাতি।ভুবনেশ্বর কল সরকারের কাছে কল সমাজের দাবিগুলো পূরণ করার জন্য আবেদন জানান। তাদের দাবিগুলো যদি না মানা হয় তাহলে আগামী দিনে কল সমাজে পক্ষ থেকে বৃহত্তর গণ আন্দোলন গড়ে তুলবেন বলে জানান।
সংবাদ 6 – শনিবার কোটি টাকার গাঁজা বাজেয়াপ্ত করল চুরাইবাড়ি পুলিশ। ওইদিন দুপুরে চুরাইবাড়ি আউট পোস্টের সামনে নাকা চেকিং এর সময় একটি লরি থেকে ৫১ প্যাকেটে মোট ১ টন ২০ কেজি গাঁজা বাজেয়াপ্ত করে চুড়াইবাড়ি পুলিশ। সেই সঙ্গে আটক করা হয় লরির চালককে। বাজেয়াপ্ত গাজার বাজার মূল্য প্রায় ১ কোটি ২০ লক্ষ টাকা হবে বলে জানান চুড়াইবাড়ি আউটপোষ্টের ইনচার্জ নিরঞ্জন দাস।


