এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – করিমগঞ্জে মর্মান্তিক সড়ক দুর্ঘটনা ঘটেছে। ঘটনাস্থলেই ৯ বছরের এক শিশুর মৃত্যু হয়। আর মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে করিমগঞ্জ শহর সংলগ্ন এলংজুরি এলাকায় জাতীয় সড়কে। জানা গেছে, করিমগঞ্জ থেকে শিলচরগামী একটি দ্রুতগামী ট্রেভেলার বাসের ধাক্কায় সাকিবুল হাসান নামের এক কিশোরের মৃত্যু হয়। একজন সহ-চালক বাসটি চালাছিলেন বলে জানা গেছে। আর ঘটনার পর চালক পালিয়ে গেলেও সহ-চালককে আটক করেছেন এলাকাবাসী। ঘটনার পর স্থানীয় বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করেন। আর নিহত সাকিবুল হাসেনের বাড়ি দক্ষিণ করিমগঞ্জের বড়াইগ্রাম এলাকার নিজ গ্রামে। করিমগঞ্জের এলংজুরিতে মামার বাড়িতে এসেছিলেন সে।
সংবাদ 2 – আসাম প্রিমিয়ার ক্লাব চ্যাম্পিয়ণশিপের টি টুয়েণ্টি আসর এবার হচ্ছে শিলচর ডিএসএ-তে।সোমবার এক সাংবাদিক সন্মেলন করে আসাম ক্রিকেট এসোসিয়েশনের স্বীকৃত ওই রাজ্যস্তরের ক্রিকেট টুর্নামেন্টের বিস্তারিত তুলে ধরেন সচিব বিজয়েন্দ্র প্রসাদ সিং।১০ মার্চ থেকে শুরু হবে চলতি বর্ষের চ্যাম্পিয়ণশিপ। গোটা আসরকে সফল করে তুলতে প্রস্তুতিতে পুরোপুরি মাঠে নেমে পড়েছেন কর্মকর্তারা বলে জানান তিনি।
সংবাদ 3- দুধপাতিলে সক্রিয় অবৈধ বিদ্যুৎ বাণিজ্যের বিরুদ্ধে লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও কেন নিষ্ক্রিয় উধারবন্দ ইলেকট্রিকেল ডিভিশন প্রশ্ন তুলে আইনি মামলার হুঙ্কার দিলেন অভিযোগকারীরা। সোমবার এক সাংবাদিক সন্মেলন ডেকে অভিযোগকারী ইকবাল হুসেন, রেজাউল করিম সহ অন্যরা অবৈধ বিদ্যুৎ বাণিজ্যের বিরুদ্ধে সংশ্লিষ্ট বিভাগের পক্ষ থেকে শীঘ্রই কড়া ব্যবস্থা নেওয়ার দাবি তুলেন। তারা জানান, দুধপাতিল জিপিতে ফকরুল ইসলাম লস্কর নামের এক ব্যক্তি দীর্ঘদিন থেকে মাসিক তিনশত টাকার বিনিময়ে বিভিন্ন ঘরে ইনভাটার কানেকশন দিয়ে বড়সড় বাণিজ্য চালিয়ে যাচ্ছে।
বিদ্যুতের খুটি ব্যবহার করে নিম্নমানের তার দিয়ে সরবরাহ করার দরুণ প্রায়ই অঘটন হচ্ছে।তাছাড়াও দিনে ওই ব্যক্তির একাধিক হাই ভোল্টেজ স্ট্যাবলেজার লাগিয়ে ইনভাটার চার্জ করার জেরে লো ভল্টেজের সমস্যা হচ্ছে গোটা এলাকায়।গোটা ব্যাপারটি উধারবন্দ ইলেকট্রিকেল ডিভিশনের নজরে অভিযোগ তুলে ধরার পর বিষয়টি অবৈধ বাণিজ্য বলে এসডিও তাদের বলেন।এবং আইনি পদক্ষেপ নেবেন বলেও জানান।কিন্তু আজ অবধি তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নেওয়া হয়নি কেন প্রশ্ন অভিযোগকারীদের।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4- শালগঙ্গা মর্লি হাইস্কুলের অতীতের রোমন্থন করে ভবিষ্যতে চলার দিশা দেখিয়ে গেলেন প্রাক্তনীরা। শুধু তাই নয়, ঐতিহ্যবাহী মর্লি হাইস্কুলকে কলেজে উন্নীত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকতার সঙ্গে দ্রুত ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিলেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিরা। কুম্ভার প্রাক্তনীদের শালগঙ্গা মর্লি হাইস্কুলে ব্যবহারিক সামগ্রী প্রদান উপলক্ষ্যে আয়োজিত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন পাথারকান্দির প্রাক্তন বিধায়ক অধ্যাপক সুখেন্দু শেখর দত্ত।
তিনি বলেন, স্কুল প্রতিষ্ঠার ক্ষেত্রে কুম্ভা বাগানের জেনারেল ম্যানেজার সি ডব্লিউ মর্লি, অমরগোবিন্দ পাল, মহেন্দ্র দেব, দেবেশ রঞ্জন ধর সহ বহু বিশিষ্ট ব্যক্তিদের অবদান স্মরণীয় হয়ে থাকবে। তিনি তৎকালীন সময়ে যারা শিক্ষকতা করেছিলেন তাদের কথাও স্মরণ করিয়ে দেন। সেইসঙ্গে স্কুলের উন্নয়নে সবসময় সহযোগিতা করবেন বলেও আশ্বাস দেন প্রাক্তন বিজেপি বিধায়ক সুখেন্দুবাবু। সবশেষে দুটি আলমারি, বোর্ড, চক ডাস্টার, বাংলা বই অন্যান্য সামগ্রী স্কুলের শিক্ষক শিক্ষিকাদের হাতে সমঝে দেন কুম্ভার প্রাক্তনীরা।
সংবাদ 5 – সর্ব ভারতীয় জাতীয় কংগ্রেস কমিটি ও অসম প্রদেশ কংগ্রেস কমিটির নির্দেশে বদরপুর ব্লক কংগ্রেস কমিটির উদ্যোগে সোমবার স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া,বছলা বাজার শাখার সম্মুখে আদানি বিরুদ্ধে তদন্ত দাবি চেয়ে ধর্নায় বসেন কংগ্রেস কর্মীরা। এদিন উত্তাল হয়ে ওঠে বছলা বাজার।আচ্ছে দিন,সবকা সাথ সবকা বিকাশ,” শ্লোগান দেওয়া প্রধানমন্ত্রীর পৃষ্ঠপোষকতায়, ‘বন্ধু’ আদানী কোটি কোটি জনতার কষ্টার্জিত ধন আত্মসাৎ করে নিয়েছে।
বিজেপি সরকারের সহযোগিতায় এলআইসি, এসবিআই-এ সাধারণ গ্রাহকদের ধন লুঠ করে বিত্তীয় প্রবঞ্চনা বিরুদ্ধে প্রতিবাদে গর্জে ওঠেন কংগ্রেসীরা। এই প্রতিবাদি কর্মসূচিতে বক্তব্য রাখেন বদরপুর ব্লক কংগ্রেস সভাপতি জাকারিয়া আহমেদ, করিমগঞ্জ জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ বদরপুর ব্লক কংগ্রেস কমিটির কর্মকর্তা, বিভিন্ন মন্ডল কংগ্রেস কমিটির কর্মকর্তা, মহিলা কংগ্রেস, সংখ্যালঘু বিভাগ, এসসি,এসটি বিভাগ,যুব কংগ্রেস, এনএসইউআই, ইয়ং বিগ্রেড সেবাদল কমিটির কর্মকর্তারা।
সংবাদ 6 – বদরপুর ভাঙ্গা ষ্টেশন রোডের বেশ কয়েক বছর থেকে বেহাল অবস্থা। পুকুরসম গর্তে পরিণত হয়েছে এই সড়কটি। যার ফলে সোমবার সন্ধ্যায় সংঘটিত হয় এক দুর্ঘটনা। ভাঙ্গা রেলওয়ে ইয়ার্ড থেকে একটি আলু বোঝাই ট্রাক ভাঙ্গা হাইয়ার সেকেন্ডারি স্কুলের সম্মুখে উল্টে যায়। এতে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ২/৩ জন পথিক। সাধারণ মানুষ জানান বেশ কয়েক বছর থেকে বিভাগীয় কতৃক ও নেতা মন্ত্রীদের বলা হলেও তাদের টনক নড়ে নি। মানুষ আরও বলেন এই দুর্ঘটনাটি দিনের বেলা হলে বড়ো ধরনের দুর্ঘটনা হয়ে যেত। কেননা দিনের বেলা স্কুল পড়ুয়াদের ভিড় থাকে এই সড়কে। ৩/৪ টি স্কুল রয়েছে এই সড়কে।
সংবাদ 7- সোমবার ডলুবাগানের অফিসের সামনে অখিল ভারতীয় চা মজদুর সংঘের উদ্যোগে প্রায় দুই শতাধিক শ্রমিক বিক্ষোভ প্রদর্শন করেন। এবিসিএমএস ও সিটুর নেতৃত্ব বাগান ম্যানেজারের মাধ্যমে মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে বিভিন্ন দাবি সম্বলিত স্মারক লিপি প্রদান করেন। দাবিগুলির অন্যতম, এয়ারপোর্ট নির্মাণের জন্য আর কোন জমি অধিগ্রহণ অথবা উচ্ছেদ না করা, দীর্ঘ দিন ধরেই বাগানের অধিবাসীদের জমির পাট্টা প্রদান, সরকার নির্মিত কমিটির প্রস্তাবিত ন্যুনতম মজুরি ৬৬১/- টাকা ঘোষণা করা এবং এয়ারপোর্টের জমি অধিগ্রহণের সময় স্বাক্ষরিত চুক্তির শর্ত গুলি অবিলম্বে পুরণ করা ইত্যাদি।
বিক্ষোভ চলাকালীন সিটুর পক্ষে উপস্থিত ছিলেন সুরজিৎ ঘোষ, সমীরণ আচার্য, সুপ্রিয় ভট্টাচার্য ,ত্রিদিব পাল, সি আর ইউর পক্ষে রাজেশ সরকার, সারস্বত মালাকার , এবিসিএমএসের পক্ষে মনিশ কর্মকার, গোপাল ভুমিজ, চন্দ্র দেব পাশি প্রমুখ। এছাড়াও বি এম এস, ও আই এন টি ইউ সির নেতৃত্ব উপস্থিত ছিলেন।


