এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – করিমগঞ্জ পুলিশের বিশাল সাফল্য। ড্রাগস বিরোধী অভিযান অব্যাহত রেখেছে করিমগঞ্জ পুলিশ। শুক্রবার সাতসকালে গোপন সূত্রের ভিত্তিতে বাজারিছড়া থানাধীন কন্টেকচড়া এলাকায় করিমগঞ্জের নবাগত পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের নেতৃত্বে অভিযানে নেমে ১০ কোটি টাকার সন্দেহভাজন হেরোইন সহ ৩ পাচারকারীকে আটক করল পুলিশ। মিজোরাম থেকে আসা একটি গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে ১০০ টি সাবানের বাক্সে ভর্তি সন্দেহভাজন হেরোইন উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।
উদ্ধারকৃত হেরোইনের ওজন ১ কেজি ২৭ গ্রাম। উদ্বার হওয়া হেরোইনের বাজার মূল্য ১০ কোটি টাকা হবে বলে জানান পুলিশ সুপার পার্থ প্রতিম দাস। আটক হওয়া ৩ পাচারকারীরা হলেন কবির আহমেদ, আলতাফ উদ্দিন ও কাদির। বর্তমানে তাদের টানা জিজ্ঞাসাবাদ চালিয়ে পুলিশ।
সংবাদ 2 – সোনাই নদীতে তলিয়ে গেলেন এক বৃদ্ধ। এনিয়ে চাঞ্চল্য দেখা দিয়েছে এলাকাজুড়ে। বৃহস্পতিবার সকালে তুন্দরকান্দি এলাকার সোনাই নদীতে এ ঘটনাটি ঘটে বলে জানা যায়। এই ঘটনায় ডুগরিপারের বছর ষাটের আকল আলি লস্কর ওরফে আখলু হেঁটে নদী পার হওয়ার সময় এই মর্মান্তিক ঘটনাটি সংঘটিত হয়। বুধবার রাতে তাঁর একটি গরু হারিয়েছিল। তিনি এই গরু খুঁজতে নদী পার হওয়ার উদ্যোগ নেন। নদীতে জল কম থাকায় তিনি নৌকা ছাড়াই পার হতে শুরু করেন। এক সময় তিনি নদীতে তলিয়ে যান। তা স্থানীয়রা দেখতে পেয়ে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করেন। খবর দেওয়া হয় এসডিআরএফ বাহিনীকে। তারাও খোঁজা শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে সোনাই পুলিশও।
সংবাদ 3 – সোনাই সার্কলের নতুন সার্কল অফিসার হিসেবে দায়িত্বভার গ্রহণ করলেন মারিয়া তানিম। বৃহস্পতিবার বিদায়ি সার্কল অফিসার ডাঃ দীপঙ্কর নাথের কাছ থেকে তিনি দায়িত্ব সমঝে নেন। দায়িত্ব নিয়ে কাজে সবার সহযোগিতা চাইলেন নতুন সার্কল অফিসার মারিয়া তানিম। এদিকে, সোনাই সার্কল থেকে বদলি হয়ে ডাঃ দীপঙ্কর নাথ দরং জেলার পাথরিঘাট রেভিনিউ সার্কলের সার্কল অফিসার হিসেবে দায়িত্ব নেবেন। সোনাইয়ে প্রশাসনিক কাজে জনগণের সহযোগিতা পেয়েছেন বলে জানান বিদায়ি সার্কল অফিসার। সার্কেল কার্যালয়ের কর্মচারীরা বিদায়ি সার্কেল অফিসার দীপঙ্কর নাথকে আবেগপূর্ণ পরিবেশে বিদায় জানানোর পাশাপাশি নতুন সার্কেল অফিসার মারিয়া তানিমকে স্বাগত জানান।
সংবাদ 4 – ছলামনায় সংরক্ষিত বনাঞ্চলে হানা দিয়ে ২০ টি বসত বাড়ি ভেঙে দিল বন বিভাগ। করিমগঞ্জ জেলার পাথারকান্দি বিধানসভার লোয়াইরপোয়া ফরেষ্ট রেঞ্জের লঙ্গাই বিটের পুরাতন উত্তর দক্ষিণ ছলামনা ছবড়ি খুলিছড়া সংরক্ষিত এলাকায় অবৈধ ভাবে গড়ে উঠা ২০ টি পাকা ও কাঁচা বাড়িঘর জেসিবি লাগিয়ে বৃহস্পতিবার ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বন বিভাগ। বন বিভাগের আধিকারিকরা পুলিশ ও আধসামরিক বাহিনী নিয়ে উচ্ছেদ অভিযান চালান।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 5 – মোদি সরকারের বিরুদ্ধে করিমগঞ্জ জেলা কংগ্রেসের বিক্ষোভ ও ধর্না কার্যসূচি। বৃহস্পতিবার করিমগঞ্জ শহরের রাজপথ কাঁপালেন বিভিন্ন স্লোগানে জেলা কংগ্রেসের কর্মকর্তারা। দেশকে লুন্ঠনকারী মোদির সরকারের পুঁজিপতি বন্ধুদের বিরুদ্ধে ধর্না কংগ্রেসের। জেলা কংগ্রেসের কার্যালয়ের সামনে থেকে র্যালি করে করিমগঞ্জ এসবিআই মেইন ব্ৰাঞ্চে সামনে ও এল আই সি অফিসের সামনে ধর্না দিলেন কংগ্রেসের কর্মকর্তারা।এই ধর্না কার্যসূচিতে উপস্থিত জেলা কংগ্রেসের বিভিন্ন পদাধিকারীরা। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জেলা কংগ্রেসের সভাপতি রজত চক্রবর্তী।
সংবাদ 6 – গুয়াহাটি থেকে লরি চালিয়ে শিলচর অভিমুখে যাবার পথে বৃহস্পতিবার ৬ নং জাতীয় সড়কের কাটিগড়া এলাকায় মৃত্যুর কোলে ঢলে পড়েন বিনয় রাভা নামক এক চালক। বয়স ২৪ বছর। বাড়ি গোয়ালপাড়া জেলার দুধনই এলাকার খারসাংসি এলাকায় বলে জানান তার সঙ্গে থাকা সহ চালক। পরে খবর দেওয়া হয় কাটিগড়া থানায়। ওসি নব কুমার শইকিয়া প্রথমে তাকে কালাইন হাসপাতালে পাঠান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। পরে মৃতদেহ শিলচর মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে।
সংবাদ 7 – জগদীশপুরে টিপারের ধাক্কায় উল্টে যায় অটোরিক্সা। এতে ছিটকে পড়েন অটো চালক রমিজ উদ্দিন। চালকের পায়ে গুরুতর আঘাত লেগেছে। তার বাড়ি জগদীশপুর তৃতীয় খন্ডে বলে জানিয়েছে চালক। ঘটনাটি বৃহস্পতিবার কাটিগড়া থানা এলাকার জগদীশপুরের গ্রামীণ সড়কে সংঘটিত হয়েছে। চেরাগি বাজারের দিক থেকে জগদীশপুরের দিকে যাওয়ার পথে অটোরিকশাটিকে অপরদিক থেকে তীব্র গতিতে আসা টিপার গাড়ি গতি হারিয়ে সজোরে ধাক্কা মারে। এতে অটোচালক রমিজ উদ্দিন ছিটকে পড়ে গুরুতর যখম হয়েছে। খবর পেয়ে কাটিগড়া থানার ওসি নব কুমার শইকিয়া সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে এস আই এল চিংচংকে পাঠান। তিনি দুর্ঘটনাগ্রস্থ থেকে গাড়ি দুটোকে থানায় নিয়ে আসেন। এবং অটো চালক রমিজ উদ্দিনকে হাসপাতালে চিকিৎসার জন্য প্রেরণ করেন।
সংবাদ 8 – বুধবার রাতে সিলিন্ডার ব্লাস্ট হয়ে রংপুর আঙ্গারজুর এলাকায় চারটি বাড়ির সাতটি পরিবারের ঘর সহ সব আসবাবপত্র আগুনে জ্বলে ছাই হয়ে যায়। ওই পরিবারের লোকরা ছোট ছোট বাচ্চাদের নিয়ে সর্বহারা হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন। বিধ্বংসী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত সাতটি পরিবারের পাশে দাঁড়ালো সেচ্ছাসেবী সংগঠন ” নেতাজি ছাত্র যুব সংস্থা। বৃহস্পতিবার শিলচরের নেতাজি ছাত্র যুব সংস্থার সদস্যরা ও শুভানুধ্যায়ীদের সহযোগিতা গঠিত “এনসিওয়াইএস ডিজেস্টার ম্যানেজমেন্ট ফান্ড ” থেকে পরিবার প্রতি নগদ পাঁচশত টাকা সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে মশারি, বেডকভার, মাদূর, বালতি, মগ ইত্যাদি প্রদান করা হয়। প্রয়োজনীয় সামগ্রী গুলি সংস্থার পক্ষে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের হাতে তুলে দেন সাধারণ সম্পাদক দিলু দাস, সহ সভাপতি রাজদীপ দেবারায়, কোষাধ্যক্ষ অনুপ দেব, সাংগঠনিক সম্পাদক বাপ্পি আচার্য সহ অন্যরা।


