এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – “বডোফা”-অবদমিত জনগোষ্ঠীর উত্তরণের এক দিশারী উপেন্দ্রনাথ ব্রহ্মের ৬৮ তম জন্মদিবস উদযাপন করল আকসা। শুক্রবার শিলচর প্রেস ক্লাবে এক আলোচনা সভার মাধ্যমে ছাত্র দিবস উদযাপন সহ প্রয়াত ছাত্র নেতার জন্মদিনে বিশেষ কার্যক্রম আয়োজিত করল আকসা। ওইদিন উপেন্দ্রনাথ ব্রহ্মের প্রতিকৃতিতে পূষ্পার্ঘ ও শ্রদ্ধাঞ্জলী অর্পণের মধ্য দিয়ে ছাত্র দিবসের কার্যক্রমের সূচনা হয়। আলোচনা সভায় প্রয়াত বিপ্লবী ব্রহ্মের গোটা নর্থ ইস্ট জুড়ে উল্লেখযোগ্য অবদানের কথা তুলে ধরে স্মৃতিচারণে বক্তব্য রাখেন মুখ্য অতিথি নেইজাং নাংজাং, আকসার উপদেষ্টা রূপম নন্দী পুরকায়স্থ, প্রেস ক্লাব সচিব শঙ্কর দে, অধ্যক্ষ পার্থ প্রতীম অধিকারী, শিক্ষিকা সুস্মিতা যোশী প্রমুখ। সভায় ছাত্র দিবস উপলক্ষে বেশ কজন পড়ুয়াদের হাতে কিছু উপহার তুলে দেওয়া হয়।
সংবাদ 2 – শুক্রবার সকালে রেলে কাটা পড়ে এক বৃদ্ধার মর্মান্তিক মৃত্যু হল পাথারকান্দির কলকলিঘাটে।জানা গেছে এদিন সকাল নয়টা নাগাদ কলকলিবস্তির বাষট্রি বছরের বৃদ্ধা রানি শুক্লবৈদ্য বিশেষ কাজে বাড়ির লাগোয়া রেল সড়ক পার করে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। তিনি ধর্মনগর থেকে শিলচরগামী মালগাড়ির সংস্পর্শে এলে কাটা পড়ে অকুস্থলে তার মৃত্যু হয়। পরে ঘটনার খবর পেয়ে স্থানীয় জন প্রতিনিধিরা ঘটনাস্থলে পৌছে রেল পুলিশকে খবর দিলে তারা এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য করিমগঞ্জ সিভিল হাসপাতালে প্রেরন করে। মৃত বৃদ্ধার এক পুত্র পুত্রবধূ সহ নাতি নাতনিন রয়েছেন।তার মৃত্যুতে গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।
সংবাদ 3 – হারিয়ে যাওয়া দশটি মোবাইল ফোন উদ্ধার করে শুক্রবার প্রকৃত মালিকদের থানায় ডেকে তাদের হাতে নিজ নিজ মোবাইল সেট সমঝে দিলেন পাথারকান্দি থানার ওসি। জানা গেছে বিগত দিনে স্থানীয় পাত্রগ্রামের ইন্দ্রানী সিনহা, রাজারগ্রামের সুমী সিনহা, বৈঠাখালের সবিতা সোনার, পাথারকান্দির সেলিম উদ্দিন, নয়াডরের সফিক উদ্দিন, নঘরিয়ার এইচ ইউ আহমদ, কাবাড়িবন্ধের রঞ্জিত সিনহা, ঝেরঝেরির খলিল উদ্দিন, নালিবাড়ির ইপ্সিতা সিনহা, জুড়বাড়ির এমাদ উদ্দিনদের মোবাইল ফোন বিভিন্ন ভাবে চুরি সহ হারিয়ে যায়।
পরে তারা বিস্তর জানিয়ে পুলিশে লিখিত এজাহার দায়ের করেন।পরবর্তিতে টেকনোলজির সাহায্যে তদন্তে নেমে দশটি মোবাইল ফোন উদ্ধারে সক্ষম হয় পাথারকান্দি পুলিশ । এ মর্মে থানার ইন্সপেক্টর ওসি সমরজিৎ বসুমাতারি জানান, জেলা ক্রাইম ব্রাঞ্চের সহযোগিতায় মোবাইল ফোনের নাম্বার ট্রেক করে হারানো ফোন উদ্ধার করা সম্ভব হয়েছে।তবে এক্ষেত্রে কোন চোরকে ধরা সম্ভব হয়নি।যাদের কাছ থেকে মোবাইল উদ্ধার হয়েছে তারা অন্যের কাছ থেকে ক্রয় বা কুড়িয়ে পেয়েছে বলে দাবি করছে।তবে এ ক্ষেত্রে পুলিশ তদন্ত জারি রেখেছে।
সংবাদ 4 – পঞ্চায়েত নির্বাচনে হাইলাকান্দিতে প্রতিটি জিপিতে প্রার্থী দেবে অসম গণ পরিষদ দল। এই ঘোষণা করলেন অগপ-র কেন্দ্রীয় কমিটির উপসভাপতি সুনীল ডেকা। হাইলাকান্দিতে সাংগঠনিক সভায় যোগ দিয়ে তিনি এ ঘোষণা করেন। তিনি বলেন,নির্বাচনে কাকে প্রার্থী করা হবে তা দলীয় কর্মীরাই ঠিক করবেন। এদিকে সভায় কেন্দ্রীয় কমিটির সুনীল ডেকার হাতে আলগাপুর – মোহনপুর জেলাপরিষদ আসনে অধ্যাপক ডঃ বাহার উদ্দিন লস্করের পত্নী জুহেরা পারভীন লস্করকে প্রার্থী করার জন্য আলগাপুর এলাকার ৭টি আঞ্চলিক কমিটির তরফে স্মারকপত্র প্রদান করা হয়েছে।
এদিন হাইলাকান্দিতে অগপর সাংগঠনিক সভায় উপস্থিত হয়ে বক্তব্য রাখেন অসম গণ পরিষদ দলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তথা বরাক উপত্যকার ইনচার্জ বিমল সিনহা, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সেলিম উদ্দিন লস্কর, হাইলাকান্দি জেলা কমিটির সভাপতি হরিমোহন রাজভর, করিমগঞ্জ জেলা কমিটির সভাপতি এম এইচ তাপাদার ,জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল ফজল বড়ভূইয়া সহ দলের বিভিন্ন স্থরের নেতাকর্মীরা।
সংবাদ 5 – কেন্দ্র সরকারের ‘যুব সঙ্গম’ অনুষ্ঠানের দ্বিতীয় পর্যায়ে জেএনইউ সহ দিল্লির চারটি বিশ্ববিদ্যালয়ের ৫০ জন ছাত্রছাত্রী এসে পৌঁছল শিলচর এনআইটিতে। কেন্দ্র সরকারের শিক্ষা মন্ত্রকের অধীনে ‘এক ভারত শ্রেষ্ঠ ভারত যুব সঙ্গম’ অনুষ্ঠানের আওতায় দেশের বিভিন্ন এলাকার ছাত্রছাত্রীরা অন্যান্য রাজ্যের বিশ্ববিদ্যালয়ে অতিথি হিসেবে যাচ্ছে। এর মূল লক্ষ্য হচ্ছে সারা দেশের যুব সমাজের মধ্যে একে অন্যের প্রতি সৌহার্দ্যবোধ গড়ে তোলা। এর আগে শিলচরের একটি দল দিল্লিতে গিয়ে অনুষ্ঠানের প্রথম পর্যায়ে অংশ নিয়ে এসেছে, এমনটাই জানিয়েছেন শিলচর এনআইটি কর্তৃপক্ষ।দিল্লির জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আসা অধ্যাপিকা ডঃ অনামিকা, অধ্যাপক প্রবীণ ভাটি সহ অন্যান্য অতিথিদের আপ্যায়নে এদিন ছিলেন শিলচর এনআইটির ডিরেক্টর রজত গুপ্ত, রেজিস্ট্রার কেএল বৈষ্ণব সহ অন্যান্যরা।
সংবাদ 6 – অঙ্গনওয়াড়ী কর্মীদের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠলো জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্র। সুবিচার না পেলে আগামী সোমবার থেকে আইসিডিএস প্রকল্পের অন্তর্গত লক্ষীপুরের ৫০৭টি কেন্দ্র বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছেন অঙ্গনওয়াড়ী কর্মী সহ সহায়িকারা। শুক্রবার জেলার লক্ষীপুর বিধানসভা কেন্দ্রের অঙ্গনওয়াড়ী কর্মীদের উত্তাল প্রতিবাদে কেঁপে উঠলো আকাশ-বাতাস। লক্ষীপুর আইসিডিএস প্রকল্পের বড়বাবু কৃষ্ণ সাহার বিরুদ্ধে এই জোরদার প্রতিবাদ সাব্যস্ত করল আইসিডিএস প্রকল্পের অধীনে কর্মরত কর্মীরা।সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে গিয়ে অঙ্গনওয়াড়ী কর্মীরা জানান, প্রকল্পের বড়বাবু কৃষ্ণ সাহা কর্মীদের বিভিন্ন ভাবে হয়রানি করার পাশাপাশি শিশু খাদ্যের বিভিন্ন সামগ্রী কেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য সরকারের তরফে বরাদ্দকৃত অর্থ প্রদান করতে গিয়ে কর্মীদের সঙ্গে ব্যাপকভাবে অনিয়ম করে আসছেন।
অঙ্গনওয়াড়ী কর্মীরা এদিন অভিযোগ করেছেন, তথ্য লুকিয়ে রেখে বড়বাবু কৃষ্ণ সাহা কর্মীদের প্রদান করছেন অর্থ। শুধু তাই নয় ব্ল্যাঙ্ক রেজিস্টারে হস্তাক্ষর নিয়ে কর্মীদের প্রদান করছেন শিশুখাদ্য সামগ্রী। বিষয়টি নিয়ে অঙ্গনওয়াড়ী কর্মীরা বেশ কয়েকবার সিডিপিও প্রতিভা নাথকে জানানো সত্ত্বেও আজ পর্যন্ত তিনি কোন ধরনের ব্যবস্থা গ্রহণ করেননি। তাই কোনো উপায় না পেয়ে প্রকল্পের অধীনে কর্মরত অঙ্গনওয়াড়ী কর্মীরা বড়বাবু কৃষ্ণ সাহার বিরুদ্ধে তদন্ত চালানোর পাশাপাশি তাঁকে অতি সত্বর বদলি করার দাবি জানিয়েছেন।



