রংপুর আউট পোস্টে ছাউনি উড়ে, খোলা আকাশের নিচে পুলিশি দায়িত্ব
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
রংপুর : কাছাড় জেলায় রবিবার হঠাৎ আছড়ে পড়া ভয়াবহ ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন।জেলার বিভিন্ন প্রান্তে ব্যাপক ক্ষয়ক্ষতির পাশাপাশি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রংপুর আউট পোস্ট। প্রাকৃতিক এই দুর্যোগে কার্যত লণ্ডভণ্ড হয়ে গেছে পুরো পুলিশ আউট পোস্টটি।স্থানীয় সূত্রে জানা গেছে, ঝড়ের তীব্রতা এতটাই বেশি ছিল যে মুহূর্তের মধ্যেই আউট পোস্টের ছাউনি উড়ে যায়।পাশাপাশি ভেঙে পড়ে থানার বিভিন্ন কাঠামো।
পুলিশ ব্যারিকেড, আসবাবপত্র,নথিপত্র সহ প্রয়োজনীয় বহু সামগ্রী ক্ষতিগ্রস্ত হয়েছে।ঝড়ের তাণ্ডবে থানার ভেতরের অধিকাংশ জিনিসপত্র চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।বর্তমানে রংপুর আউট পোস্টের পরিস্থিতি অত্যন্ত করুণ।কর্মরত পুলিশ সদস্যদের বসার মতো ন্যূনতম জায়গাও অবশিষ্ট নেই। খোলা আকাশের নিচেই দায়িত্ব পালন করতে বাধ্য হচ্ছেন তারা।
প্রতিকূল পরিস্থিতির মধ্যেও আইন-শৃঙ্খলা বজায় রাখতে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন পুলিশ কর্মীরা।পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, হঠাৎ করে এমন দুর্যোগে প্রস্তুতি নেওয়ার সুযোগ ছিল না।ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে হয়েছে।তবে দ্রুত আউট পোস্টটি পুনর্গঠনের দাবি জানিয়েছেন তারা, যাতে স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করা সম্ভব হয়।
এদিকে,ঘূর্ণিঝড়ের পর ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে প্রশাসন।ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে সহায়তা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানা গেছে।এই দুর্যোগে রংপুর আউট পোস্টের বর্তমান অবস্থা প্রমাণ করে দেয়, প্রাকৃতিক বিপর্যয়ের সামনে কতটা অসহায় হয়ে পড়তে পারে সাধারণ পরিকাঠামো। এখন দেখার বিষয়, কত দ্রুত প্রশাসনের পক্ষ থেকে পুনর্গঠনের কাজ শুরু হয় এবং স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই গুরুত্বপূর্ণ পুলিশ কেন্দ্র।



