নবনির্মিত বাদ্রী সেতুতে ভাঙন, ‘মৃত্যুফাঁদ’-এ পরিণত

< 1 - মিনিট |

দুর্নীতির অভিযোগে সরব এলাকাবাসী

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

শিলচর : নতুন করে নির্মিত হওয়ার মাত্র আড়াই বছরের মধ্যেই বেহাল অবস্থায় পৌঁছেছে বাদ্রী সেতু। উদ্বোধনের সময় এলাকাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণের দাবি করা হলেও, বর্তমানে সেই সেতুই পরিণত হয়েছে চরম বিপদের কেন্দ্রে। সেতুর বিভিন্ন অংশে বড়সড় ফাটল, ভাঙন ও গর্ত দেখা দিয়েছে, যা প্রতিদিন বাড়িয়ে তুলছে দুর্ঘটনার আশঙ্কা।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে, যার ফলেই এত দ্রুত সেতুর অবনতি ঘটেছে। সেতুর নিচে ভাঙন ধরা পড়ায় সাময়িকভাবে মাটি ফেলে ঢেকে দেওয়া হলেও, স্থায়ী কোনো সমাধান হয়নি। বরং দিন দিন পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। সেতুর উপর তৈরি হওয়া বড় বড় গর্তে প্রতিনিয়ত ক্ষতিগ্রস্ত হচ্ছে ছোট-বড় যানবাহন।

আরও উদ্বেগজনক বিষয় হলো, সেতুতে কোনো স্ট্রিট লাইটের ব্যবস্থা নেই। ফলে সন্ধ্যার পর পুরো এলাকা অন্ধকারে ঢেকে যায়, যা দুর্ঘটনার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেয়।

এলাকাবাসীর অভিযোগ, এই প্রকল্পে বড়সড় দুর্নীতি হয়েছে। বরাদ্দ অর্থের সঠিক ব্যবহার না করে তড়িঘড়ি কাজ শেষ করা হয়েছে বলে দাবি তাদের। ঠিকাদার ও সংশ্লিষ্ট দপ্তরের বিরুদ্ধে কেলেঙ্কারির অভিযোগও উঠেছে।

নির্বাচনের আগে সংস্কারের আশ্বাস মিললেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। ফলে প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন সাধারণ মানুষ। দ্রুত সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী, নচেৎ বড়সড় দুর্ঘটনার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

এখন প্রশ্ন উঠছে—কবে নড়েচড়ে বসবে প্রশাসন? বড় দুর্ঘটনার অপেক্ষা না করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে কি না, সেদিকেই তাকিয়ে সকলেই।

Know More

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

Related news