মুম্বই-কলকাতার নাট্যদলের পাশাপাশি থাকছে বিশেষ মননশীল সেমিনার; প্রস্তুতি তুঙ্গে
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
শিলচর: শিলচরের ঐতিহ্যবাহী নাট্যসংস্থা ‘ভাবীকাল’-এর পথচলার ৪২ বছর পূর্ণ হতে চলেছে। এই বিশেষ মাইলফলককে স্মরণীয় করে রাখতে এবং নাট্যচর্চাকে আরও গতিশীল করতে আগামী ২৮ ফেব্রুয়ারি থেকে শিলচরে শুরু হতে যাচ্ছে চার দিনব্যাপী বর্ণাঢ্য নাট্য উৎসব ‘সপ্তরাজ রঙ্গ উৎসব’। স্থানীয় গান্ধী ভবন মঞ্চে আয়োজিত এই উৎসব চলবে ২ মার্চ পর্যন্ত। দেশের বিভিন্ন প্রান্তের সাতটি বিশিষ্ট নাট্যদল এই উৎসবে তাদের শ্রেষ্ঠ প্রযোজনাগুলি মঞ্চস্থ করবে বলে আয়োজক সংস্থা সূত্রে জানানো হয়েছে।
উল্লেখ্য, ভাবীকাল থিয়েটার গ্রুপের ৪২ বছর পূর্তি উপলক্ষে এবারের উৎসবে যুক্ত হয়েছে এক ভিন্ন মাত্রা। কেবল নাট্য প্রদর্শনই নয়, আগামী ১ মার্চ স্থানীয় মধ্যশহর সাংস্কৃতিক সমিতির সভাগৃহে আয়োজিত হবে একটি উচ্চপর্যায়ের আলোচনা চক্র। ‘নাট্য ক্রিয়ার নানা মাত্রা: অনুশীলনের দর্পণে’ শীর্ষক এই সেমিনারে আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত থাকবেন ১২ জন বিশিষ্ট নাট্য ব্যক্তিত্ব ও চিন্তাবিদ। আলোচকদের তালিকায় রয়েছেন— নীলাঞ্জন ভট্টাচার্য, রাজেশ দে, বিপ্লব দাস, অমরজিৎ পান্ডে, এনাক্ষী রায়, অনির্বাণ রায়, ড. জয়শ্রী দে, অজয় সেনগুপ্ত, সায়ন্তনী পাল, প্রতিম কুমার দেব, চিরঞ্জীব ভট্টাচার্য ও সুরজিৎ দেব।
উৎসবের প্রস্তুতি ও রূপরেখা সম্পর্কে ভাবীকালের কর্ণধার তথা বিশিষ্ট নাট্যনির্দেশক শান্তনু পাল জানান, এবারের নাট্য তালিকায় বিষয়বৈচিত্র্য ও মননশীলতার এক মেলবন্ধন ঘটানোর চেষ্টা করা হয়েছে। উৎসবের বিভিন্ন দিনে মঞ্চস্থ হবে— অসম বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস বিভাগের হিন্দি ও বাংলা নাটক ‘বলি ওরে শম্ভু’, কলকাতার ‘থিয়েটার সাইন’-এর প্রযোজনায় বাদল সরকারের কালজয়ী নাটক ‘বাঘ’, বহরমপুরের ‘প্রান্তিক’-এর নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের কাহিনি অবলম্বনে ‘স্ত্রীর পত্র’, মহারাষ্ট্রের মুম্বই থেকে আগত ‘গিরীশ ক্রিয়েশন’-এর মারাঠি ও হিন্দি নাটক ‘লাভধাবতি ভিখরালা’, বিশ্বনাথ চারিয়ালির ‘বর্নাম’-এর অসমিয়া নাটক ‘কাঠফুলা’, পয়লাপুলের ‘রেস’ গোষ্ঠীর বাংলা নাটক ‘সীমানা’ এবং স্বাগতিক সংস্থা ‘ভাবীকাল’-এর নিজস্ব প্রযোজনা অনু-নাটক ‘কেন’।
নির্দেশক শান্তনু পাল আরও জানান, খুব শীঘ্রই উৎসবের পূর্ণাঙ্গ সময়সূচি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। বরাক উপত্যকার নাট্য ঐতিহ্যকে সমুন্নত রাখতে প্রতি বছরের মতো এবারও শিলচরের বিদগ্ধ নাট্যমোদী দর্শকদের সক্রিয় উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন ভাবীকালের কর্মকর্তারা।



