শিলচরের বর্তমান বিমানবন্দরের সীমাবদ্ধতা কাটিয়ে দক্ষিণ অসমের যোগাযোগ ও বাণিজ্য সম্প্রসারণে বড় পদক্ষেপ কেন্দ্রের। ডলুতে প্রস্তাবিত নতুন বিমানবন্দরে বছরে ১০.১ লক্ষ যাত্রী পরিষেবার সক্ষমতা তৈরির পরিকল্পনা।
কে আর সি টাইমস ডেস্ক
শিলচর:শুধু বিমান পরিষেবার পরিধি বাড়ানো নয়, বরাক উপত্যকার অর্থনৈতিক সম্ভাবনাকে নতুন করে সামনে আনতে শিলচরের ডলুতে গ্রিনফিল্ড বিমানবন্দর নির্মাণের সিদ্ধান্ত নিল কেন্দ্র। দীর্ঘদিন ধরে বর্তমান শিলচর বিমানবন্দরের পরিকাঠামোগত সীমাবদ্ধতা এবং সম্প্রসারণের সমস্যার মধ্যে এই প্রকল্প দক্ষিণ অসমের যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের সম্ভাবনা তৈরি করেছে।
বুধবার, ২৫ নভেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরোহিত্যে অনুষ্ঠিত কেন্দ্রীয় মন্ত্রিসভার অর্থনৈতিক বিষয়ক কমিটি (সিসিইএ) কাছাড় জেলার ডলুতে ২,০১৪ কোটি টাকা ব্যয়ে নতুন বিমানবন্দর নির্মাণের প্রস্তাবে অনুমোদন দিয়েছে।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচারমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব মন্ত্রিসভার বৈঠকের পর জানান, নতুন বিমানবন্দরটি ব্যস্ত সময়ে ঘণ্টায় ৮০০ জন যাত্রী সামলাতে পারবে। বছরে যাত্রী পরিষেবার সক্ষমতা থাকবে ১০.১ লক্ষ। বিমানবন্দর কর্তৃপক্ষ (এএআই) নিজেদের অভ্যন্তরীণ তহবিল থেকেই প্রকল্পের সম্পূর্ণ ব্যয় বহন করবে।
প্রকল্পের পরিকল্পনায় রয়েছে ১২ হাজার ৩৫১ বর্গমিটারের আধুনিক টার্মিনাল ভবন। যাত্রীদের জন্য আধুনিক পরিষেবার পাশাপাশি পরিবেশবান্ধব নির্মাণব্যবস্থা এবং ভবিষ্যতে পরিকাঠামো সম্প্রসারণের সুযোগও রাখা হবে।
বিমান ওঠানামার জন্য তৈরি হবে ২,৭০৫ মিটার দীর্ঘ ও ৪৫ মিটার প্রশস্ত রানওয়ে। কোড ৪সি মানের এই রানওয়েতে এ-৩২০ শ্রেণির বিমান চলাচল করতে পারবে। পাশাপাশি একসঙ্গে ছ’টি এ-৩২০ বিমান রাখার উপযোগী অ্যাপ্রন এবং একটি পৃথক আইসোলেশন বে নির্মাণের পরিকল্পনাও রয়েছে।
নতুন বিমানবন্দর নির্মাণের অন্যতম কারণ বর্তমান শিলচর বিমানবন্দরের সীমাবদ্ধতা। ভারতীয় বায়ুসেনা ও বিমানবন্দর কর্তৃপক্ষ যৌথভাবে এই বিমানবন্দর পরিচালনা করে। প্রতিরক্ষা বাহিনীর বিমানঘাঁটির সঙ্গে যুক্ত সিভিল এনক্লেভের জন্য সেখানে জমির পরিসর ও পরিচালনাগত ক্ষেত্রে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। ফলে যাত্রী চাহিদা বাড়লেও প্রয়োজনীয় পরিকাঠামো সম্প্রসারণ সহজ হয়নি।
এই পরিস্থিতিতে শিলচরের ডলুতে নতুন বিমানবন্দর বরাক উপত্যকার সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলের যোগাযোগ বাড়ানোর পাশাপাশি পর্যটন, বাণিজ্য ও শিল্পক্ষেত্রেও নতুন সম্ভাবনা তৈরি করতে পারে বলে মনে করছে কেন্দ্র। চা শিল্প, কৃষিভিত্তিক ব্যবসা এবং পরিবেশ ও সাংস্কৃতিক পর্যটনের সম্ভাবনা থাকা এই অঞ্চলে উন্নত বিমান যোগাযোগ বিনিয়োগ ও ব্যবসায়িক কর্মকাণ্ডে গতি আনতে পারে।
বিশেষ করে বরাক উপত্যকার ভৌগোলিক অবস্থান এবং প্রতিবেশী উত্তর-পূর্বাঞ্চলীয় এলাকার সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে নতুন বিমানবন্দরটির গুরুত্ব রয়েছে। কেন্দ্রের দাবি, এই প্রকল্প শুধু বর্তমান বিমানবন্দরের চাপ কমাবে না, বরং দক্ষিণ অসমকে বৃহত্তর জাতীয় ও আন্তর্জাতিক যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও ভূমিকা নেবে।
তবে প্রকল্পটির বাস্তব গুরুত্ব নির্ভর করবে নির্মাণকাজের অগ্রগতি, বিমান পরিষেবার বিস্তার এবং নতুন বিমানবন্দর চালু হওয়ার পর বাণিজ্যিক ও পর্যটন ক্ষেত্রে কতটা সুফল পৌঁছয়, তার উপর। বরাক উপত্যকার মানুষের কাছে তাই এই অনুমোদন শুধু একটি পরিকাঠামো প্রকল্প নয়, দীর্ঘদিনের যোগাযোগ-সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার নতুন প্রত্যাশাও।


