এ বিষয়ে সরকারকে জানাতে শিলচর পৌরসভা বলা হয়েছে
প্রকৃতি নিউজ কনসার্ন
শিলচর – রাজ্যের পৌর প্রশাসন বিভাগ মেহেরপুরের ডাম্পিং গ্রাউন্ড অন্যত্র স্থানান্তরিত করতে বা বৈজ্ঞানিক পদ্ধতিতে আবর্জনা জ্বালানোর ব্যবস্থা নিতে শিলচর পৌরসভাকে বলেছে ! এ বিষয়ে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে -তা আগামী ১০ এপ্রিল তারিখের মধ্যে সরকারকে জানাতেও শিলচর পৌরসভাকে বলা হয়েছে। এখানে উল্লেখ করা যেতে পারে যে উত্তর পূর্ব ভিত্তিক সামাজিক সংগঠন ডঃ শ্যামা প্রসাদ মুখার্জি মেমোরিয়াল স্বার্থ সুরক্ষা পরিষদের সভাপতি হারাণ দে নগর উন্নয়ন মন্ত্রী অশোক সিংহালের হস্তক্ষেপ কামনা করে গত মাসে এই মর্মে একটি চিঠি দিয়েছিলেন। এতে বলা হয়েছিল যে মেহেরপুরের এই ডাম্পিং গ্রাউন্ডে অবৈজ্ঞানিক ভাবে আবর্জনা জ্বালানোর ফলে ওই এলাকায় বায়ূ দূষন হচ্ছে -যা মানুষের স্বাস্থ্যের পরিপন্থী। তাই এই ডাম্পিং গ্রাউন্ড শহরের এই জন বহুল স্থান থেকে অন্যত্র সরিয়ে নিতে হবে অথবা জমা করা আবর্জনা বৈজ্ঞানিক পদ্ধতিতে জ্বালানোর ব্যবস্থা করতে হবে।


