শিলচরে এটিএম ভাঙার চেষ্টা, হাতেনাতে ধৃত ৩৩ বছরের যুবক

< 1 - মিনিট |

ঘুঙ্গুর ও রাঙ্গিরখাড়িতে একই ধরনের চুরির চেষ্টার অভিযোগ, ধৃতের কাছ থেকে উদ্ধার একাধিক সরঞ্জাম

কে আর সি টাইমস ডেস্ক

শিলচর: গভীর রাতে এটিএম ভাঙার চেষ্টা করতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ল এক যুবক। মঙ্গলবার, ২৪ নভেম্বর রাতে শিলচরের বিলপার এলাকায় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (এসবিআই) একটি এটিএমে ভাঙচুর চালিয়ে টাকা লুটের চেষ্টা করার অভিযোগে ৩৩ বছর বয়সি আবদুল আজিজ লস্করকে গ্রেফতার করেছে শিলচর পুলিশ।

ধৃত আবদুল আজিজের বাড়ি শিলচরের মধুরবন্দের থানা রোড এলাকায়। তাঁর বাবার নাম লুৎফুর রহমান লস্কর বলে জানা গিয়েছে।

পুলিশ সূত্রে খবর, এর আগেও ঘুঙ্গুরের একটি এসবিআই এটিএম এবং রাঙ্গিরখাড়িতে ব্যাঙ্ক অফ বরোদার একটি এটিএম ভাঙার চেষ্টার ঘটনায় তাঁর নাম জড়িয়েছিল। অভিযোগ, ওই দুই জায়গাতেই পুলিশ পৌঁছনোর আগেই পালিয়ে যেতে সক্ষম হন তিনি। সেই ঘটনার পর থেকেই তাঁর খোঁজে তল্লাশি চালাচ্ছিল পুলিশ।

অবশেষে মঙ্গলবার রাতে বিলপারের এটিএমে ফের একই ধরনের চেষ্টা চালানোর সময় তাঁকে হাতেনাতে ধরে ফেলে পুলিশ। ঘটনাস্থল থেকে এটিএম ভাঙার কাজে ব্যবহার করা হতে পারে, এমন বেশ কিছু সরঞ্জাম ও সামগ্রীও উদ্ধার করা হয়েছে।

শহরের অন্য কোনও এলাকায় এটিএম ভাঙার চেষ্টার সঙ্গে ধৃতের যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। গোটা ঘটনার তদন্ত চলছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *