পাকিস্তানের ভিত্তিহীন অপপ্রচারের জবাব নয়া দিল্লির
KRC Times Desk
ইসলামাবাদে বোমা বিস্ফোরণের পেছনে ভারতকে দায়ী করেছিল পাকিস্তান। জবাব এল চারদিন পরেই। বিদেশ মন্ত্রকের তরফে এক মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়ে দিলেন, এসব ‘ভিত্তিহীন অপপ্রচার’। অরিন্দম এও বলেন, সারা পৃথিবী পাকিস্তানের জঙ্গি কার্যকলাপের রেকর্ড জানে।
সাপ্তাহিক সাংবাদিক বৈঠকে মুখপাত্রটি বলেন, ‘ভারতের বিরুদ্ধে পাকিস্তানের ভিত্তিহীন অপপ্রচার চালানো নতুন কিছু নয়। এই উদ্যম কাজে লাগালে নিজের দেশের মাটি থেকে উদ্ভূত জঙ্গি এবং নাশকতার বিরুদ্ধে পদক্ষেপ নিতে পারবে, তাতে নিজেদের ঘরই বাঁচবে।’
সন্ত্রাসবাদ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে কটাক্ষ করতে ছাড়েননি অরিন্দম। তিনি বলেন, সন্ত্রাসের কথা উঠলে পাকিস্তান কী সার্টিফিকেট পায় তা গোটা দুনিয়া জানে। খোদ প্রধান নেতাই সন্ত্রাসবাদের সমর্থনে কথা বলেন, ওসামা বিন লাদেনকে শহিদ হিসেবে মহান প্রতিপন্ন করেন।
রবিবার ইসলামাবাদে জামাত-উদ-দাওয়া প্রধান হাফিজ সইদের বাড়ির কাছেই বোমা বিস্ফোরণে তিন জনের মৃত্যু হয়েছিল। আহত হয়েছে ২৪। এই ঘটনায় পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলে দেন, এই নাশকতার মূলচক্রী একজন ভারতীয় এবং তিনি ‘র’ (R&AW) এজেন্ট। টুইটারে ইমরান খান লেখেন, এই জঙ্গি আক্রমণের পরিকল্পনা এবং আর্থিক সহায়তা করেছে ভারতীয় জঙ্গি সংগঠন। বলা বাহুল্য, এই সমস্ত অভিযোগ খারিজ করতে দেরি করল না নয়া দিল্লি।


