কাটলিছড়ায় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক বিতরণ

< 1 - মিনিট |

বিধায়ক মিলন দাসের উপস্থিতিতে ৬৩ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হলো আর্থিক সহায়তার চেক

কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো

কাটলিছড়া | চিকিৎসার খরচ বহন করতে আর্থিকভাবে অসচ্ছল মানুষের পাশে দাঁড়াতে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হলো কাটলিছড়ায়।

আজ কাটলিছড়া বিজেপি মণ্ডল কার্যালয় প্রাঙ্গণে ১২১ হাইলাকান্দি বিধানসভা সমষ্টির বিধায়ক মিলন দাসের উপস্থিতিতে এই চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হাইলাকান্দি জেলায় সর্বমোট ২৪৩ জন উপভোক্তার মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। এর মধ্যে কাটলিছড়া মণ্ডলের অধীনে ৬৩ জন উপভোক্তার হাতে তুলে দেওয়া হয় মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলের চেক।

চেক বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিধায়ক মিলন দাস জানান, বিধানসভা এলাকার অনেক মানুষ অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছেন না—এই বিষয়টি মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মার নজরে আনা হয়েছিল। বিষয়টি জানার পর মুখ্যমন্ত্রীর নির্দেশে আর্থিকভাবে অসচ্ছল ও চিকিৎসার জন্য সহায়তা প্রয়োজন এমন ব্যক্তিদের আবেদন সংগ্রহ করে জমা দেওয়া হয়।

বিধায়ক জানান, তাঁর বিধানসভা সমষ্টির জন্য মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে মোট ২৪৩টি চেক দেওয়া হয়েছে। এর মধ্যে কাটলিছড়া মণ্ডলের অধীনে ৬৩টি চেক বিতরণ করা হচ্ছে।

তিনি আরও জানান, কাটলিছড়ার পর লালা এবং বিকেলে হাইলাকান্দিতে এই চেক বিতরণ করা হবে। আগামীকাল কালিনগর মণ্ডল এবং রাজ্যর মণ্ডলেও চেক বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

বিধায়ক মিলন দাস বলেন, এই আর্থিক সহায়তা হয়তো উপভোক্তাদের সম্পূর্ণ চিকিৎসার খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবে চিকিৎসার সময় তাঁদের কিছুটা হলেও আর্থিক সহায়তা করবে। অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে এই সহযোগিতার জন্য তিনি আবারও আসামের মুখ্যমন্ত্রী ড. হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *