কান্দাহার থেকে কূটনীতিক ও নিরাপত্তা আধিকারিকদের সরাল ভারত

< 1 - মিনিট |

কান্দাহারে সাময়িকভাবে বন্ধ ভারতীয় কনস্যুলেট

KRC Times Desk

আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় শহর কান্দাহারে আশেপাশের নতুন অঞ্চলে তালিবানদের নিয়ন্ত্রণ বাড়ার কারণে রবিবার আফগানিস্তানের কান্দাহারে অবস্থিত কনস্যুলেট থেকে প্রায় ৫০ জন কূটনীতিক ও সুরক্ষা কর্মী সরাল ভারত। শনিবার ভারতীয় কূটনীতিক, কর্মকর্তা-কর্মচারী ও ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ সদস্যদের একদলসহ অন্যান্য কর্মী সদস্যদের ফিরিয়ে আনতে ভারতীয় বিমানবাহিনীর একটি বিশেষ বিমান পাঠানো হয়েছিল বলে জানা গেছে।

কান্দাহারে সাময়িকভাবে কনস্যুলেট বন্ধ করার ভারতের পদক্ষেপটির কারণ, তালিবানীরা এই অঞ্চলের পাশাপাশি পশ্চিম আফগানিস্তানের বেশ কয়েকটি  মূল অঞ্চল দ্রুত নিয়ন্ত্রণে নিয়ে এসেছে। আফগানিস্তান গত কয়েক সপ্তাহে একাধিক সন্ত্রাসী হামলার মুখোমুখি হয়।

দু’দিন আগে বিদেশ মন্ত্রক বলে যে, ভারত আফগানিস্তানের সুরক্ষা পরিস্থিতি এবং ভারতীয় নাগরিকদের উপর এর প্রভাবগুলি পর্যবেক্ষণ করছে। মঙ্গলবার কাবুলে ভারতীয় দূতাবাস জানায়, কান্দাহার ও মাজার-শরীফ দূতাবাস এবং কনস্যুলেট বন্ধ করার কোনও পরিকল্পনা নেই।

উল্লেখ্য যে, আমেরিকা আফগানিস্তান থেকে আগস্ট মাসের মধ্যে তার সেনা প্রত্যাহারের কাজ শেষ করতে চাইছে। যুদ্ধবিধ্বস্ত দেশটিতে প্রায় দুই দশকের মার্কিন সামরিক উপস্থিতির অবসান চাইছে বাইডেন প্রশাসন। যদিও এর সুদূরপ্রসারী পরিণাম কি হতে পারে এ নিয়ে নানা মুনির নানা মত রয়েছে।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *