গুলির লড়াইয়ে তিন লস্কর জঙ্গি নিকেশ
কে আর সি টাইমস ডেস্ক
জঙ্গি দমনে আবারও সাফল্য পেল কাশ্মীরের নিরাপত্তা বাহিনী। মঙ্গলবার সকালেই কাশ্মীরের শোপিয়ান এলাকায় তিন লস্কর জঙ্গিকে খতম করে কাশ্মীর পুলিশ। জানা গিয়েছে, এলাকায় নজরদারি চালানোর সময়ে আচমকাই পুলিশকে লক্ষ্য করে গুলি চালাতে থাকে জঙ্গিরা। পালটা আক্রমণেই মৃত্যু হয় তিন জঙ্গির। কাশ্মীর পুলিশের তরফে জানা গিয়েছে, মঙ্গলবার ভোর বেলা নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়ে জঙ্গিরা। শোপিয়ানের মুঞ্ঝ মার্গ এলাকায় প্রায় ঘণ্টা দুয়েক গুলির লড়াই চলার পর তিন জনের মৃত্যু হয়। মৃত তিনজনই লস্কর-ই-তইবার সক্রিয় সদস্য। জঙ্গির মধ্যে একজনের পরিচয় এখনও জানা যায়নি। অন্য দু’জনের মধ্যে এক লস্কর জঙ্গির নাম লতিফ লোন। মাস দুয়েক আগে পুরাণ কৃষ্ণ ভাট নামে এক কাশ্মীরি পণ্ডিতের খুনের অভিযোগ ছিল তার বিরুদ্ধে। উমর নাজির নামে অপর এক জঙ্গির বিরুদ্ধেও নেপালের তিল বাহাদুর থাপাকে খুন করার অভিযোগ রয়েছে। তবে তৃতীয় জঙ্গির পরিচয় নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে পুলিশের।

Follow Us


