এক নজরে বরাক
কেআরসি টাইমস বারাক ভ্যালি ব্যুরো
সংবাদ 1 – উধারবন্দে ১২ ফেব্রুয়ারি শ্রী শ্রী মা সারদাদেবীর বার্ষিক জন্মোৎসবের রজত জয়ন্তী বর্ষপূর্তি ও ঠাকুর রামকৃষ্ণদেবের নবনির্মিত মন্দির উদ্বোধন হবে। শ্রী শ্রী রামকৃষ্ণ সারদা সেবা সমিতির উদ্যোগে এ উপলক্ষে রয়েছে দুদিনব্যপী ঠাসা কার্যসূচি। মঙ্গলবার এক সাংবাদিক সম্মেলন ডেকে সমিতির কর্মকর্তারা এব্যাপারে বিস্তারিত তুলে ধরেন। তারা বলেন, এগারো ফেব্রুয়ারি সকাল নটায় এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হবে। দুপুরে সমিতির কর্মকর্তা শঙ্কর রায় বস্ত্র বিতরণ করবেন। সন্ধ্যায় মহারাজদের উপস্থিতিতে অধিবাস ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করবেন স্থানীয় শিল্পীরা। ১২ ফেব্রুয়ারি নতুন মন্দির উদ্বোধন ও পাঠমন্দিরের কার্যালয় বিবেক ভবনের দ্বারোদ্ঘাটন করবেন মহারাজরা।
তারা আরও বলেন, প্রায় সাত থেকে দশ হাজার মানুষের অন্ন প্রসাদের ব্যবস্থা করা হচ্ছে। এদিন ঠাকুর, শ্রীমা ও স্বামীজির জীবন বাণী আলোচনা করবেন শিলচর রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী গণদিশানন্দ মহারাজ, করিমগন্জ রামকৃষ্ণ মিশনের স্বামী প্রভাসানন্দ মহারাজ ও শিলচরের বৈকুন্ঠানন্দ মহারাজ। পরে বস্ত্র দান, স্মরণিকা উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে বলে জানান কর্মকর্তারা। উৎসবে সকলের উপস্থিতি ও সহযোগিতা কামনা করেছেন তারা। সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখেন সমিতির সভাপতি সোমনাথ দেব, সম্পাদক কিশোর ভট্টাচার্য, বিষ্ণুপদ পাল, বাসু পাল, শঙ্কর রায়, উত্তম চক্রবর্তী, রাজেশ রায়, বিশু সাহা, প্রদীপ পাল ও সায়ন রায় সহ অন্যান্যরা।
সংবাদ 2 – বুধবার সকালে হাফলঙ যাওয়ার উদ্দেশ্যে শিলচর এলেন সর্বভারতীয় অখন্ড সংঘ প্রধান তপন ব্রহ্মচারী। সকাল আটটা পনেরো মিনিটে বিমানে তিনি কুম্ভীরগ্রাম পৌঁছনোর পর দক্ষিণ আসাম অখন্ড সংগঠনের পক্ষ থেকে দাদামনিকে সংবর্ধনা দেওয়া হয়। উপস্থিত সকলেই সঙ্ঘ প্রধান তপন ব্রহ্মচারী ওরফে দাদামনির আশীর্বাদ গ্রহণ করতে দেখা গেছে। এরপর সুসজ্জিত গাড়ি করে সঙ্ঘ প্রধানকে শিলচর নিয়ে যান দক্ষিণ আসাম অখন্ড সংগঠনের কর্মকর্তারা। শিলচর অযাচক আশ্রমে কিছু সময় বিশ্রামের পর বদরপুর চলে যাবেন। বিকেল তিনটায় ট্রেনে তপন ব্রহ্মচারী হাফলং যাবেন। সেখানে কয়েকদিন তিনি অবস্থান করবেন বলে জানা গেছে।
সংবাদ 3 – ধলাই থানা এবং লায়লাপুর পেট্রোল পোষ্টে বার্মিজ সুপারি আটক হওয়ার ঘটনা প্রায় প্রতিদিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। প্রায় প্রতিদিন বার্মিজ সুপারি সহ বিভিন্ন অবৈধ সামগ্রী ধরপাকড় চলছে। তারপরও থামতে রাজি নয় পাচারকারীরা। পুলিশও ছেড়ে কথা বলছে না। সোমবার রাতে ধলাই পুলিশ তিনটি বাহন থেকে পঞ্চাশ ব্যাগের বেশী বার্মিজ সুপারি বাজেয়াপ্ত করে। একই সঙ্গে সাতজনকে গ্রেফতার করা হয়।গোপন সূত্রের তথ্য অনুসারে এদিন রাতে ধলাই থানার সামনে নাকা চেকিংয়ের সময় ধরা পড়ে বাহনগুলো।
আটক করা হয় ধলাই থানার অন্তর্গত রাজনগর দ্বিতীয় খণ্ডের নুর ইসলাম লস্কর, লালমন সাওমা, কিশান খাসিয়াকে। এদিকে ওই গাড়িগুলি যাতে পুলিশের চোখে ধুলো দিয়ে সহজ ভাবে পেরিয়ে যেতে পারে তাই মারুতি ওয়াগনার গাড়ি নিয়ে রাস্তায় দেখাশোনা করছিলেন এমন চারজনকে ও আটক করেছে পুলিশ। এরা হলো যথাক্রমে আলগাপুরের এজাজ আহমেদ মজুমদার, রাজনগরের খুকন উদ্দিন মজুমদার, চান্নিঘাটের সাইদুল হক মজুমদার ও মতিবুর লস্কর। এছাড়া মারুতি ওয়াগনার গাড়িটিও আটক করেছে পুলিশ।। এ দিন রাতে তিনটি বাহন সহ সাত অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।

e-mail: infocom.krc@gmail.com
Know More | Apply Here
সংবাদ 4 – বাল্য বিবাহে অভিযুক্ত “স্বামীদের” রাখার জন্য ন্যাট্রিপকে অস্থায়ী জেল হিসাবে ব্যবহার করবে কাছাড় পুলিশ । বরাক উপত্যকায় বাল্যবিবাহের দায়ে গ্রেফতার হওয়া অবৈধ স্বামীদের রাখার জায়গা করা কঠিন হয়ে পড়েছে । এক-দুই দিনের মধ্যে বরাক উপত্যকার তিন জেলা থেকে গ্রেফতার হওয়া স্বামীদের এই অস্থায়ী কারাগারে স্থানান্তর করা হবে। এখানে উল্লেখ করা দরকার যে, আসাম পুলিশ ইতিমধ্যেই গোয়ালপাড়া ডিটেনশন ক্যাম্পকে অস্থায়ী জেল হিসেবে ব্যবহার করা শুরু করেছে।
এর পর, ন্যাট্রিপ হল এই ধরনের দ্বিতীয় অবকাঠামো যাকে বাল্যবিবাহের অভিযোগে গ্রেফতারকৃত ব্যক্তিদের রাখার জন্য বরাদ্দ হবে।কাছাড়ের এসপি নুমাল মাহাত্তোর মতে, কাছাড়ের পাশাপাশি বরাক উপত্যকায় বাল্যবিয়ের জন্য বহু লোককে গ্রেপ্তার করা হয়েছে। তাই তাদের কারাগারে থাকার ব্যবস্থা করা কঠিন হয়ে পড়েছে। এ জন্য কাছাড় জেলায় অবস্থিত ঝাপিরবন্দের ন্যাট্রিপে একটি অস্থায়ী কারাগার তৈরি করা হবে। আগামী দিনে বাল্যবিবাহের দায়ে আরও বেশি লোক গ্রেফতার হবে এবং এ কথা মাথায় রেখে অস্থায়ী কারাগারের ব্যবস্থা করা হবে।
সংবাদ 5 – বাল্যবিবাহের জেরে রাতাবাড়ি পুলিশের ভুলে প্রাণ গেল দুই মাসের এক শিশুর। পুলিশের ভুল সিদ্ধান্তের ফলে জন্মের দু মাসের মধ্যে প্রাণ দিতে হল এক শিশুকে। রাজ্য সরকারের নির্দেশে রাতাবাড়ি থানার পুলিশ কৃষ্ণনগর গ্রামের অসহায় পরিবারে হানা দিয়ে পুত্রের বদলে পিতাকে নিয়ে আসে। অন্যদিকে শ্বশুরকে ছাড়িয়ে আনতে গিয়ে দু মাসের পুত্রকে চিরদিনের জন্য বিদায় দিতে হল মাকে। এই ঘটনার জন্য করিমগঞ্জের পুলিশ সুপার পদ্মনাভ বরুয়া ও রাতাবাড়ির থানার পুলিশকে দায়ি করছেন সচেতন নাগরিকরা।
উল্লেখ্য বাল্যবিবাহের ধর পাকড়ের প্রথম দিনে পুলিশের অভিযানে আটক হন রাতাবাড়ি বরুয়ালা জিপির কৃষ্ণনগর গ্রামের হতদরিদ্র দীনেন্দ্ৰ নমঃশুদ্র। ছেলে আশীষ নমশুদ্রকে না পেয়ে পুলিশ পিতা দীগেন্দ্ৰ নমঃশুদ্রকে তুলে নিয়ে আসে। পরে গ্রামের লোকদের সঙ্গে নিয়ে যাবতীয় নথিপত্র পরীক্ষা করে তার বিয়ে সঠিক প্রমাণিত হওয়ায় পুলিশ দীগেন্দ্ৰ নমঃশুদ্রকে ছেড়ে দেয় বলে তারা জানান। অন্যদিকে দুমাসের শিশুর মৃত্যুতে বরুয়ালা জিপিতে শোকের ছায়া নেমে আসে।
সংবাদ 6 – স্বাধীন ভারতের সর্ববৃহৎ কেলেঙ্কারি আদানি গোষ্ঠীর আর্থিক দুর্নীতির বিরুদ্ধে রাজপথে হাইলাকান্দি কংগ্রেস। গৌতম আদানির সংস্থার শেয়ার নিয়ে হিন্ডেনবার্গ যে রিপোর্ট দিয়েছে, তা নিয়ে দেশ জুড়ে বিক্ষোভ দেখাচ্ছে কংগ্রেস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে দেশের কোটি কোটি সাধারণ মানুষের এল আই সি এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় উপার্জিত টাকা আদানি গ্রুপে রেখে কেন্দ্রীয় সরকার আদানিকে দিয়ে সাধারণ মানুষের টাকা লুন্ঠন করার যে প্রচেষ্টা করছেন তার বিরুদ্ধে প্রতিবাদ করে হাইলাকান্দি জেলা কংগ্রেস কমিটি ।
সোমবার জেলা কংগ্রেস কমিটির সভাপতি সামস উদ্দিন বড়লস্করের নেতৃত্বে এক প্রতিবাদী দল প্রথমে এল আই সি এর হাইলাকান্দি জেলার ডিভিশনাল অফিসে গিয়ে প্রতিবাদ করেন, তারপর স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার হাইলাকান্দি শাখা কার্যালয়ে গিয়ে অনুরূপ ভাবে প্রতিবাদ করে জেলা কংগ্রেস । এই প্রতিবাদ কার্যসূচিতে উপস্থিত ছিলেন জেলা কংগ্রেস সেবা দল চেয়ারম্যান বাহারুল ইসলাম বারভুইয়া, মহিলা কংগ্রেস সভানেত্রী মাধবী শর্মা, জেলা কংগ্রেস সাংগঠনিক সাধারণ সম্পাদক মিতুজ্জামান লস্কর প্রমুখ।


